মোঃ রানা ইসলাম, শেকৃবি প্রতিনিধি:
দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক পরিসরে বাস্তবমুখী প্রশিক্ষণে অংশ নিয়ে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) এনিম্যাল সাইন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন (এএসভিএম) অনুষদের নবম ব্যাচের ৪৯ জন শিক্ষার্থী ইন্টার্নশিপ সম্পন্ন করেছে। বাংলাদেশসহ বিশ্বের পাঁচটি দেশে পরিচালিত এই ইন্টার্নশিপ কার্যক্রমের সমাপনী অনুষ্ঠান বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের টিএসসি কমপ্লেক্সের মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেকৃবির মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল লতিফ। তিনি বলেন, দীর্ঘ পাঁচ বছরের একাডেমিক প্রস্তুতির পর শিক্ষার্থীরা এখন বাস্তব কর্মক্ষেত্রে প্রবেশের উপযোগী হয়ে উঠেছে।
জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ইন্টার্নশিপ কার্যক্রম শিক্ষার্থীদের ব্যবহারিক দক্ষতা, পেশাগত অভিজ্ঞতা এবং আত্মবিশ্বাস বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
এ বছর এএসভিএম অনুষদের মোট ১০৮ জন শিক্ষার্থী ইন্টার্নশিপে অংশগ্রহণ করে। এর মধ্যে আন্তর্জাতিক পর্যায়ে নেপালে ১৩ জন, থাইল্যান্ডে ১৩ জন, মালয়েশিয়ায় ১৭ জন, ভিয়েতনামে ৫ জন এবং জাপানে ১ জন শিক্ষার্থী প্রশিক্ষণ সম্পন্ন করে। অপরদিকে, অবশিষ্ট শিক্ষার্থীরা দেশের অভ্যন্তরে ১৭টি গুরুত্বপূর্ণ ও শিক্ষণীয় প্রতিষ্ঠানে ইন্টার্নশিপ কার্যক্রম শেষ করে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেকৃবির এগ্রিবিজনেস ম্যানেজমেন্ট অনুষদের ডিন অধ্যাপক মোঃ জাকির হোসেন। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ম্যানেজার মোঃ মৃদুল কবিরাজ।
পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পরে ইন্টার্নশিপ প্রোগ্রাম-২০২৪ নিয়ে একটি স্বল্পদৈর্ঘ্য প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। শিক্ষার্থীদের পক্ষে ফাহমিদা বৃষ্টি ও আরাফাত হোসেন তাঁদের অভিজ্ঞতা তুলে ধরেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইন্টার্নশিপ প্রোগ্রামের চেয়ারম্যান অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম, কো-অর্ডিনেটর সহযোগী অধ্যাপক ড. শরিফা জাহান, সহযোগী অধ্যাপক ড. মোঃ মহব্বত আলীসহ সংশ্লিষ্ট শিক্ষকবৃন্দ।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আশা প্রকাশ করেন, এই ইন্টার্নশিপের মাধ্যমে শিক্ষার্থীরা আন্তর্জাতিক মানসম্পন্ন দক্ষতা অর্জন করবে এবং দেশের প্রাণিসম্পদ ও ভেটেরিনারি চিকিৎসা ব্যবস্থার উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে।
এমআই