মোঃ হাম্মাদ তালুকদার, ইবি প্রতিনিধি:
চীনা ভাষা শিক্ষা কার্যক্রম চালু, কনফুসিয়াস ইনস্টিটিউট প্রতিষ্ঠা এবং শিক্ষার্থী-শিক্ষক বিনিময় সম্প্রসারণের লক্ষ্যে চীনের দূতাবাসের সাথে বৈঠক করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় ঢাকার গুলশানে অবস্থিত চীনা দূতাবাসে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন দূতাবাসের কালচারাল কাউন্সেলর লি শাওপেং।
এ বৈঠকে উপাচার্য চীনা দূতাবাসের প্রতিনিধিদলকে ক্যাম্পাস পরিদর্শনের আহ্বান করেন। পরে তারা আগামী এপ্রিল মাসে ক্যাম্পাস পরিদর্শনে আসবেন বলে জানান। তাছাড়া চলতি বছরেই চীনা ভাষা শিক্ষা কার্যক্রম চালু, কনফুসিয়াস ইনস্টিটিউট প্রতিষ্ঠা এবং শিক্ষার্থী-শিক্ষক বিনিময় সম্প্রসারণের কার্যক্রম শুরু করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের মতে, এসব উদ্যোগ বাস্তবায়িত হলে আন্তর্জাতিক মানের ভাষা শিক্ষা ও গবেষণার নতুন দিগন্ত উন্মোচিত হবে ও সামগ্রিকভাবে এই উদ্যোগ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থার আন্তর্জাতিকীকরণ, বৈশ্বিক অ্যাকাডেমিক সংযোগ সম্প্রসারণ এবং শিক্ষার্থীদের নতুন শিক্ষাগত সম্ভাবনা সৃষ্টির ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
প্রসঙ্গগত, এ কার্যক্রমগুলো চালুর লক্ষ্য নিয়ে গত ৬ থেকে ১১ জুলাই ২০২৫ পর্যন্ত চীন সফর করেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। সফরকালে চীনের তিনটি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয় এবং শিক্ষার্থীদের জন্য সম্ভাব্য স্কলারশিপ সুবিধা নিয়েও ইতিবাচক অগ্রগতি অর্জিত হয়।
একে