অ আ আবীর আকাশ, লক্ষ্মীপুর প্রতিনিধি:
লক্ষ্মীপুরে একটি ভাইরাল ঘটনার পর শিশু ব্যবহার করে প্রতারণার অভিযোগ ঘিরে রাজনৈতিক অঙ্গনে অস্বস্তি তৈরি হয়েছে। স্থানীয়ভাবে ছড়িয়ে পড়া অভিযোগে বলা হচ্ছে, একটি সড়ক দুর্ঘটনাকে রাজনৈতিক সহিংসতার রূপ দিয়ে ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করা হয়েছিল।
ভাইরাল শিশুটির নাম মেহেদী হাসান (১০)। সে দক্ষিণ মহাদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র। তার পিতা মনির হোসেন পেশায় সুপারির ব্যবসায়ী এবং মাতা লাভলী বেগম গৃহিণী। স্থানীয়দের অভিযোগ, লাভলী বেগম অতীতে ইউনিয়ন আওয়ামী মহিলা লীগের নেত্রী মমতাজ রেখা নুরের ঘনিষ্ঠ হিসেবে কাজ করেছেন। ওই সময় বিভিন্ন সরকারি সুবিধা ও সামাজিক নিরাপত্তা কর্মসূচির কার্ড নিজের ও পরিবারের নামে নেওয়ার অভিযোগও রয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাজনৈতিক পটপরিবর্তনের পর লাভলী বেগম বিএনপির সঙ্গে সংশ্লিষ্টতা দেখান। অভিযোগ রয়েছে, তিনি শিশুপুত্র মেহেদীকে ব্যবহার করে বিভিন্ন সভা ও কর্মসূচিতে শ্লোগান দেওয়ান এবং এর বিনিময়ে অর্থ আদায় করেন। এলাকাবাসীর ভাষ্য, এতে সামাজিকভাবে বিভ্রান্তি তৈরি হচ্ছিল।
সম্প্রতি মেহেদী সাইকেল চালিয়ে যাওয়ার সময় উঁচুনিচু রাস্তায় পড়ে আহত হয়। প্রত্যক্ষদর্শী শিশুদের বক্তব্য অনুযায়ী, এটি ছিল একটি দুর্ঘটনা। আশপাশে থাকা শিশুরাই প্রথমে তাকে সহায়তা করে এবং পরে হাসপাতালে নেওয়া হয়। তবে পরে বিষয়টিকে রাজনৈতিক সহিংসতা হিসেবে উপস্থাপন করার চেষ্টা করা হয় বলে অভিযোগ ওঠে, যা সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে।
ঘটনাটি নিয়ে গণমাধ্যমকর্মী, পুলিশ প্রশাসন ও স্থানীয় রাজনৈতিক কর্মীরা ঘটনাস্থলে গিয়ে প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলেন। তদন্তে দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত হওয়ার পর বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর বিষয়ে সংশ্লিষ্টদের কড়া সতর্ক করা হয়।
পুলিশ প্রশাসন জানিয়েছে, নির্বাচনকে সামনে রেখে বিভ্রান্তি ও উত্তেজনা সৃষ্টি করতে পারে এমন অপপ্রচারে সবাইকে সতর্ক থাকতে হবে। একই সঙ্গে, সরকারি একাধিক সুবিধা আত্মসাৎ ও মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগগুলো যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথাও জানানো হয়েছে।
এমআই