মো. মোস্তাফিজুর রহমান রিপন, ঝালকাঠি জেলা প্রতিনিধি:
ঝালকাঠির নলছিটিতে জাল ভোট দেয়ার চেষ্টা করায় ভ্রাম্যমাণ আদালতে ছাবিনা বেগম (৩৪) নামের এক নারীকে দুই বছর সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদন্ড দেয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বিকেল চারটায় নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নের ভরতকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।
দন্ডপ্রাপ্ত ছাবিনা বেগম ওই এলাকার শুকুর আলী হাওলাদারের মেয়ে। তিনি অত্র কেন্দ্রের ভোটার ছিলেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা জজ, ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল, ঝালকাঠি) মুক্তা রানী।
তিনি জানান, ওই নারী ভরতকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে গেলে দায়িত্বপ্রাপ্তদের সন্দেহ হলে তাকে আটক করা হয়। পরবর্তীতে আরপিও এর ৭৪(৫) ধারা অনুযায়ী তাকে ২ বছরের সশ্রম কারাদণ্ড এবং ৫০০০ টাকা অর্থদণ্ড অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
এমআই