নিজস্ব প্রতিবেদক:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় অর্জন করে নতুন সরকার গঠন করায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-কে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)।
দেশের বেসরকারি খাতের অন্যতম প্রতিনিধিত্বকারী এই বাণিজ্য সংগঠনটি মনে করে, বহুল প্রত্যাশিত এ নির্বাচনের মাধ্যমে জনগণ তাদের কাঙ্ক্ষিত প্রতিনিধি নির্বাচন করেছে। নতুন নেতৃত্ব অগ্রাধিকার ভিত্তিতে কার্যকর উদ্যোগ নিয়ে অর্থনীতি পুনরুদ্ধার করবে এবং বাংলাদেশকে একটি উন্নত, সমৃদ্ধ ও গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করবে।
বিদ্যমান পরিস্থিতি মোকাবিলায় জাতীয় স্বার্থ বিবেচনায় কার্যকর উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়নে জনগণের নির্বাচিত জনপ্রতিনিধির উপস্থিতির বিকল্প নেই বলেও মনে করে ডিসিসিআই।
জাতীয় অর্থনীতিকে গতিশীল ও স্থিতিশীল রাখতে শিল্প ও বাণিজ্য খাতে বিদ্যমান প্রতিবন্ধকতাগুলো জরুরি ভিত্তিতে দূর করার জন্য নবনির্বাচিত সরকারের প্রতি আন্তরিক আহ্বান জানিয়েছে ঢাকা চেম্বার। একই সঙ্গে দেশের উন্নত অর্থনৈতিক অগ্রগতির লক্ষ্যে সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে সংগঠনটি।
এমআই