মোঃ রানা ইসলাম, শেকৃবি প্রতিনিধি:
শিক্ষার্থীদের স্বার্থ রক্ষায় শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি) ক্যাম্পাস মার্কেটে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণে ছাত্রদলের সর্বকনিষ্ঠ সদস্য রাসেল পারভেজের নেতৃত্বে বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করেছেন শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার সকাল ১১টায় পরিচালিত এ কার্যক্রমে বাজারের বিভিন্ন দোকান পরিদর্শন করে পণ্যমূল্য যাচাই এবং ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করা হয়। দীর্ঘদিন ধরে ক্যাম্পাস মার্কেটে বাইরের বাজারের তুলনায় অধিক দামে পণ্য বিক্রির অভিযোগ থাকায় ছাত্রদল নেতা রাসেল পারভেজ এ উদ্যোগ গ্রহণ করেন।
পরিদর্শনকালে বেশ কিছু পণ্যের মূল্যসমন্বয় ও নির্দেশনা নির্ধারণ করা হয়। সব ধরনের ইফতার আইটেম ৫ টাকা সাইজে তৈরি বাধ্যতামূলক করা হয়েছে; ১০ টাকা সাইজ রাখা ঐচ্ছিক করা হয়। মুরগির মাংস বাইরের বাজারের তুলনায় প্রতি কেজিতে প্রায় ২০ টাকা বেশি নেওয়া হচ্ছিল, এখন থেকে বাহিরের বাজারদরের চেয়ে অতিরিক্ত মূল্য নেওয়া যাবে না বলে জানানো হয়। কলার হালি ৬০ টাকার পরিবর্তে ৫০ টাকা নির্ধারণ করা হয় এবং হালিতে সর্বোচ্চ ৫ টাকার বেশি লাভ না করার নির্দেশনা দেওয়া হয়। বেগুনের দাম ১২০ টাকা থেকে কমিয়ে ১০০ টাকা নির্ধারণ করা হয় এবং কেজিতে অতিরিক্ত মূল্য নিলে ব্যবস্থা নেওয়ার সতর্কতা দেওয়া হয়। লেবুর দাম প্রকারভেদে প্রতি হালি সর্বোচ্চ ৮০ টাকার মধ্যে রাখতে বলা হয়। খেজুর ক্রয়মূল্যের ওপর সর্বোচ্চ ১০ শতাংশ লাভে বিক্রির নির্দেশনা দেওয়া হয়। ফটোকপি চার্জ প্রতি পেজ ২ টাকা থেকে কমিয়ে ১ টাকা ৮০ পয়সা নির্ধারণ করা হয় এবং যেকোনো পরিমাণ ক্যাশ আউট বাধ্যতামূলক করা হয়। সুপার শপে চিনি ও ছোলার দাম বাইরের বাজারের তুলনায় বেশি রাখা হচ্ছিল, তা সমন্বয় করতে বলা হয়। পাশাপাশি আগামী দুই দিনের মধ্যে মিনি বাজারে একটি অভিযোগ বক্স স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়।
এ বিষয়ে রাসেল পারভেজ বলেন, দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয় মার্কেটে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম অযৌক্তিকভাবে বেশি নেওয়া হচ্ছিল, এতে সাধারণ শিক্ষার্থীরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছিল। তিনি বলেন, শিক্ষার্থীদের পক্ষ থেকে শান্তিপূর্ণভাবে দোকানদারদের সঙ্গে আলোচনা করে ন্যায্য মূল্য নির্ধারণের আহ্বান জানানো হয়েছে এবং ইতোমধ্যে ইতিবাচক পরিবর্তন এসেছে। প্রশাসন স্থায়ীভাবে বিষয়টি মনিটরিং করলে ভবিষ্যতেও শিক্ষার্থীরা উপকৃত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
উক্ত বাজার মনিটরিং কার্যক্রমে আরও উপস্থিত ছিলেন ছাত্রনেতা মুস্তাকিম, নাহিদ মাহমুদ সৌরভ, পবিত্র রায়, সোহেল রানা, জাকির হাসান, ফারহান, রাশেদ, শামিম কাদির শিশিরসহ আরও অনেক সাধারণ শিক্ষার্থী।
এমআই