বেরোবি প্রতিনিধি :
দীর্ঘদিন স্থগিত থাকার পর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) নির্মাণাধীন ১০ তলা বিশিষ্ট ছাত্রী হল এবং রিসার্চ ইনস্টিটিউটের কাজ পুনরায় শুরু হয়েছে।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় নির্মাণকাজের উদ্বোধন করবেন উপাচার্য অধ্যাপক ড. শওকাত আলী।এসময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা যায়, ইউজিসি, শিক্ষা মন্ত্রণালয় ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) বিভিন্ন তদন্ত ও মামলার কারণে দীর্ঘদিন ধরে প্রকল্পগুলোর কাজ বন্ধ ছিল। তবে সাম্প্রতিক সময়ে সরকারের সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে আলোচনার মাধ্যমে কাজ পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়।
উপাচার্য অধ্যাপক ড. শওকাত আলী জানান, তৎকালীন পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ এবং শিক্ষা উপদেষ্টার সঙ্গে আলোচনা শেষে প্রকল্পগুলো সচল করার বিষয়ে ইতিবাচক সাড়া পাওয়া গেছে। এ পর্যন্ত প্রকল্পে প্রায় ৪০ কোটি টাকা ব্যয় হয়েছে। এছাড়া ঠিকাদারদের কাছে থাকা অতিরিক্ত ১৫ কোটি টাকাসহ বরাদ্দকৃত বাজেটের সঠিক ব্যবহারের মাধ্যমে নির্মাণকাজ সম্পন্ন করার পরিকল্পনা নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, ফার্নিচারসহ আনুষঙ্গিক কাজের জন্য সংশোধিত প্রকল্পের আওতায় অতিরিক্ত ৭৭ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী, ২০২৭ সালের মধ্যে ভবন দুটির ৫ তলা পর্যন্ত ব্যবহার উপযোগী করা হবে। পরবর্তী ধাপে বাকি ৫ তলা সম্পন্ন করার জন্য নতুন ডিপিপি প্রণয়ন করা হবে।
এদিকে বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নের লক্ষ্যে প্রায় ১০৯৫ কোটি টাকার একটি মেগা প্রকল্পের ফিজিবিলিটি স্টাডি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে এবং দ্রুতই এর ডিপিপি জমা দেওয়া হবে বলে জানান উপাচার্য।
পরিত্যক্ত ভবনগুলো উদ্ধার করে ছাত্রীদের আবাসন সুবিধা ও গবেষণার সুযোগ সৃষ্টি করায় শিক্ষা সচিব রেহানা খাতুনসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
এমআই