তালুকদার হাম্মাদ, ইবি প্রতিনিধি:
আবাসিক শিক্ষার্থীদের অধিকার সংশ্লিষ্ট ৪ দাবিতে স্মারকলিপি প্রদান করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শহিদ জিয়াউর রহমান হল ছাত্রদল। সোমবার (২৩ ফেব্রুয়ারী) হলটির প্রভোস্ট অধ্যাপক ড. গফুর গাজী বরাবর তারা এ স্মারকলিপি প্রদান করে।
তাদের দাবিগুলো হলো — হল ডাইনিংয়ের খাবারের গুণগত মান, পুষ্টিগুণ ও সার্বিক পরিচ্ছন্নতা নিশ্চিত করা। রমজান মাসে শিক্ষার্থীদের ইবাদত ও দৈনন্দিন ব্যবহারের সুবিধার্থে ওয়াশরুম ও টয়লেটসমূহ নিয়মিত ও পর্যাপ্তভাবে পরিষ্কার রাখা। শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত ও চুরির মতো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে গেট, প্রহরা ও সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা। একইসাথে হল শিক্ষার্থীদেরকে নিয়ে একদিন সম্মিলিত ইফতার আয়োজনের এক ব্যতিক্রমী দাবি জানিয়েছেন তারা।
এসময় নেতাকর্মীরা বলেন, ইসলামী বিশ্ববিদ্যালয় শহীদ জিয়াউর রহমান কর্তৃক প্রতিষ্ঠিত পাবলিক বিশ্ববিদ্যালয়। তাঁর নামানুসারে প্রতিষ্ঠিত শহীদ জিয়াউর রহমান হলটি দীর্ঘ ১৭ বছর ধরে নানা দিক থেকে বঞ্চিত অবস্থায় ছিল। আমরা আবাসিক শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে হল সংশ্লিষ্ট কিছু গুরুত্বপূর্ণ সমস্যার সম্মুখীন হয়ে আসছি, যা রমজান মাস ও ক্যাম্পাস ছুটির সময় আরও প্রকট হয়ে ওঠে। আমরা আমাদের দাবিগুলো পূরণের মাধ্যমে সমস্যাগুলো সমাধানের দাবি জানাচ্ছি। এতে হলের সার্বিক পরিবেশ আরও সুন্দর, নিরাপদ ও শিক্ষাবান্ধব হবে বলে প্রত্যাশা রাখছি।
একে