তালুকদার হাম্মাদ, ইবি প্রতিনিধি:
বিভিন্ন রাজনৈতিক ছাত্র সংগঠন, বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সাংবাদিকদের নিয়ে ইাফতার মাহফিল করেছে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়াতে তারা এ আয়োজন করে।
শাখা সভাপতি সাদেক আহমেদের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি আব্দুল আজিজ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক শাহরিয়ার আলম, শাখা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক এস এম সুইট, শাখা শিবির সেক্রেটারি রাশেদুল ইসলাম রাফি, শাখা ইসলামী ছাত্র আন্দোলনের সাধারণ সম্পাদক নিয়ামতুল্লাহ ফায়সাল, ইবি প্রেস ক্লাবের সভাপতি আবির হোসেন, ইবি সাংবাদিক সমিতির সভাপতি নিয়ামতুল্লাহ মুনিম, ইবি রিপোর্টার্স ইউনিটির সভাপতি ফারজানা নওশীন তিতলি সহ আরও অনেকে। এসময় বিভিন্ন আলোচক বক্তব্য প্রদান করেন।
বক্তব্যে তারা বলেন, বিগত ফ্যাসিবাদী আমলে একটি ইসলামী ছাত্র সংগঠনের এমন সুশৃঙ্খল ও উন্মুক্ত পরিবেশে ক্যাফেটেরিয়ায় ইফতার মাহফিল আয়োজন এবং সেখানে বিভিন্ন ইসলামী সংগঠনের নেতৃবৃন্দের অংশগ্রহণ ছিল বরাবরই সবার মনো কামনা । বর্তমান অনুকূল পরিবেশের জন্য মহান আল্লাহর দরবারে অনেক অনেক শুকরিয়া। অভ্যুত্থান-পরবর্তী এই স্বাধীন বাংলাদেশে ফ্যাসিবাদবিরোধী সকল ছাত্র সংগঠন যদি পারস্পরিক ঐক্য ও সম্প্রীতি বজায় রাখে, তাহলে কোনো অপশক্তিই এ ঐক্যবদ্ধ বাংলাদেশকে অস্থিতিশীল করতে পারবে না।
এদিকে, আলোচনা শেষে সংগঠনটির ২০২৬ সেশনের আংশিক কমিটি ঘোষণা করেছেন কেন্দ্রীয় সভাপতি আব্দুল আজিজ। এসময় তিনি আল হাদিস অ্যান্ড ইসলামীক স্টাডিজ বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের (মাস্টার্স) জুনায়েদ আহমদকে সভাপতি, একই বিভাগের একই শিক্ষাবর্ষের নোমান হোসাইনকে সহ-সভাপতি এবং আল কুরআন অ্যান্ড ইসলামীক স্টাডিজ বিভাগের ২১-২২ শিক্ষাবর্ষের তানভীর আকন্দকে সাংগঠনিক সম্পাদক ঘোষণা করেন।
একে