ডিআইইউ প্রতিনিধি:
ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি–এর কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদের উদ্যোগে বিভাগীয় শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে এ আয়োজন করা হয়।
রমজানের পবিত্রতা ও তাৎপর্যকে সামনে রেখে বিভাগের সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এতে বিভাগের বর্তমান শিক্ষার্থীদের পাশাপাশি বিভিন্ন ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরাও অংশ নেন। আয়োজকদের তথ্য অনুযায়ী, প্রায় ৬০ থেকে ৭০ জন শিক্ষার্থী ও প্রাক্তন শিক্ষার্থী এ ইফতারে অংশগ্রহণ করেন। নির্ধারিত সময় সন্ধ্যা ছয়টায় সবাই একসঙ্গে ইফতার গ্রহণ করেন।
ইফতারের আগে অংশগ্রহণকারীরা একত্রিত হয়ে পারস্পরিক কুশল বিনিময় করেন এবং রমজানের তাৎপর্য নিয়ে আলোচনা করেন। এ সময় উপস্থিত শিক্ষার্থীরা রমজানকে আত্মশুদ্ধি, সংযম ও ভ্রাতৃত্ববোধের মাস হিসেবে উল্লেখ করেন। তারা বলেন, রমজান মুসলমানদের জন্য ধৈর্য, সহমর্মিতা ও আত্মনিয়ন্ত্রণের শিক্ষা দেয়। সম্মিলিতভাবে ইফতার করার মাধ্যমে পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় হয় এবং ভ্রাতৃত্বের বন্ধন গভীর হয়।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, এই আয়োজনের মূল উদ্দেশ্য ছিল বিভাগের সিনিয়র ও জুনিয়র শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক পরিচিতি বৃদ্ধি, সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তোলা এবং পবিত্র রমজানের চেতনাকে ধারণ করা। ইফতার মাহফিলে অংশগ্রহণকারীরা সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সময় কাটান এবং একে অপরের সঙ্গে মতবিনিময় করেন।
অংশগ্রহণকারী শিক্ষার্থীরা জানান, এ ধরনের আয়োজন বিভাগের শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও ঐক্য জোরদার করতে সহায়ক ভূমিকা রাখে। ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে বলে তারা আশা প্রকাশ করেন।
একে