বুধবার, ০৪ মার্চ ২০২৬

বেরোবিতে প্রশাসনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

মঙ্গলবার, মার্চ ৩, ২০২৬
বেরোবিতে প্রশাসনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

বেরোবি প্রতিনিধি :

পবিত্র মাহে রমজান উপলক্ষে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরে প্রশাসনের উদ্যোগে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (০৩ মার্চ) বিকেলে বিশ্ববিদ্যালয়ের ফুটবল মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী।
উপাচার্য তাঁর বক্তব্যে সংযমের মাস রমজানের তাৎপর্য তুলে ধরে উপস্থিত সকলকে শুভেচ্ছা জানান। 

তিনি বলেন, “রমজান মাসে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে একসঙ্গে ইফতার করতে পেরে আমি আনন্দিত। সবাই এক কাতারে বসতে পারাই আমাদের পারস্পরিক হৃদ্যতা ও সম্প্রীতির প্রতীক।”

তবে ইফতার বিতরণে বিশৃঙ্খলার অভিযোগ ওঠে শিক্ষার্থীদের পক্ষ থেকে। অনুষ্ঠানে আনুমানিক ২৫০ জনের অধিক শিক্ষার্থী ইফতার পাননি বলে জানা গেছে। ইফতারের পূর্বে কিছু শিক্ষার্থী ইফতার বয়কটের ডাক দেন এবং উপাচার্যকে উদ্দেশ করে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিতে দেখা যায়।

পদার্থ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মাহিম অভিযোগ করে বলেন, “প্রশাসন শুরুতে টোকেনের ব্যবস্থা করলেও শেষ মুহূর্তে টোকেন ছাড়াই খাদ্য বিতরণ করা হয়। এতে একেকজন একাধিক প্যাকেট নেয়, আর অনেকেই ইফতার পায়নি।”

ইংরেজি বিভাগের নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী বলেন, আমাদের বিভাগ থেকে ৩০৪ জনের লিস্ট জমা দেয়া হয়েছিলো। কিন্তু প্রশাসন প্রথমে ২০০ প্যাকেট সরবরাহ করে। পরবর্তীতে প্রশাসনকে জানালে ৫ থেকে ১০টি প্যাকেট সরবরাহ করে। এতে আমরা নিজেরা ভাগাভাগি করে ইফতার করি।

ব্যবস্থাপনা ঘাটতির বিষয়ে উপাচার্য বলেন, “আমরা পর্যাপ্ত পরিমাণে ইফতারের ব্যবস্থা করেছিলাম। কিন্তু কেউ কেউ একাধিক প্যাকেট নেওয়া এবং ইফতার কমিটির অব্যবস্থাপনার কারণে কিছু শিক্ষার্থী বঞ্চিত হয়েছে।”

দোয়া ও ইফতার মাহফিল কমিটির আহ্বায়ক, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) ও প্রক্টর প্রফেসর ড. মোঃ ফেরদৌস রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। তবে বিশৃঙ্খলার বিষয়ে তাঁর সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি।

অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন বেরোবি কেন্দ্রীয় মসজিদের খতিব ড. রকিব উদ্দিন আহাম্মেদ। দোয়া শেষে সম্মিলিতভাবে প্রায় ৭হাজার শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ইফতার গ্রহণ করেন।

এমআই


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৬ সময় জার্নাল