রাব্বি হাসান, ববি:
বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) প্রায় ৩৮ লাখ টাকা ব্যয়ে কেনা একটি বাস দীর্ঘদিন ধরে অকেজো অবস্থায় পড়ে আছে। নির্ধারিত ব্যবহারকাল শেষ হওয়ার আগেই বাসটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। তবে প্রশাসনিক প্রক্রিয়া শুরু না হওয়ায় এখনো বাসটি নিলামে তোলা সম্ভব হয়নি।
বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুল সূত্রে জানা যায়, পড়ে থাকা ‘ধানসিঁড়ি’ নামের বাসটি আগে শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) ছিল। পরে এটিকে নন-এসি বাসে রূপান্তর করা হয়। প্রায় ১২ বছর ব্যবহারের পর এটি অকেজো হয়ে পড়ে এবং এরপর থেকে পরিবহন পুলে অচল অবস্থায় রয়েছে।
সূত্রটি আরও জানায়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের নীতিমালা অনুযায়ী একটি মাইক্রোবাস ১০ বছর এবং একটি বাস ১৪ বছর ব্যবহারের পর পরিবর্তন করতে হয়। নির্ধারিত সময় পার হওয়ার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ চাইলে নিলামের প্রক্রিয়া শুরু করতে পারে। তবে প্রশাসনিক অস্থিতিশীলতা ও প্রয়োজনীয় উদ্যোগের অভাবে বিষয়টি দীর্ঘদিন ধরে ঝুলে আছে বলে সংশ্লিষ্টরা জানান।
এ বিষয়ে পরিবহন পুলের ম্যানেজার মো. উজ্জ্বল হোসেন বলেন, “আমি দায়িত্ব নেওয়ার পর বিষয়টি খোঁজ নেওয়ার চেষ্টা করেছি যে বাসটি ডিসপোজাল করা যায় কি না। কিন্তু দেখা গেছে, অর্গানোগ্রামে উল্লেখিত নতুন গাড়ি না কেনা পর্যন্ত এটি ডিসপোজাল করা সম্ভব নয়।”
এদিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলম বলেন, “বাস বিক্রি করা এত সহজ বিষয় নয়। এ জন্য প্রথমে বাংলাদেশ সরকারের পরিবহন পুলকে অবগত করতে হয়। তারা এসে অনুসন্ধান করে অব্যবহারযোগ্য ঘোষণা দেওয়ার পর নিলামের মাধ্যমে তা বিক্রি করা হয়।”
নিলাম প্রক্রিয়া শুরু না হওয়ার বিষয়ে জানতে চাইলে উপাচার্য বলেন, “কোনো বাস নষ্ট হয়ে পড়ে আছে—এ বিষয়ে দপ্তর থেকে আমাকে কখনো জানানো হয়নি। দপ্তর থেকে ফাইল উত্থাপন করা হলে সেটি মন্ত্রণালয়ে পাঠানো হবে। এই প্রক্রিয়া শুরু করার দায়িত্ব সংশ্লিষ্ট দপ্তরের।”
এমআই