শনিবার, ১৪ মার্চ ২০২৬

ঈদে সদরঘাটে চাপ কমাতে বছিলা ও পূর্বাচল থেকে থাকছে বিশেষ লঞ্চ সার্ভিস

শনিবার, মার্চ ১৪, ২০২৬
ঈদে সদরঘাটে চাপ কমাতে বছিলা ও পূর্বাচল থেকে থাকছে বিশেষ লঞ্চ সার্ভিস

নিজস্ব প্রতিবেদক:

ঢাকা নদী বন্দরে (সদরঘাট) অতিরিক্ত যাত্রীর চাপ কমাতে এবং বিকল্প নৌপথে যাতায়াত সহজ করতে এ বছর ঈদযাত্রায় বছিলা ব্রিজ সংলগ্ন লঞ্চঘাট ও পূর্বাচল কাঞ্চন ব্রিজ সংলগ্ন শিমুলিয়া টুরিস্ট ঘাট থেকে বিশেষ লঞ্চ সার্ভিস চালুর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। 

আজ শনিবার (১৪ মার্চ) নৌপরিবহন মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে। 

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী মঙ্গলবার (১৭ মার্চ) থেকে ঈদের আগের দিন পর্যন্ত বছিলা লঞ্চঘাট (ব্রিজের নিচে) থেকে ৬টি এবং শিমুলিয়া টুরিস্ট ঘাট থেকে ৩টি বিশেষ লঞ্চ বিভিন্ন নৌপথে যাত্রী পরিবহন করবে। 

এর পাশাপাশি ঈদযাত্রায় যাত্রীসেবার মানোন্নয়নের লক্ষ্যে সদরঘাট এলাকায় প্রবীণ ও নারী যাত্রীদের ব্যবহার্য মালামাল বা ব্যাগ (ব্যবসায়িক পণ্য ব্যতীত) বহনের জন্য বিশেষ সুবিধা দেওয়া হবে। 

আগামী মঙ্গলবার থেকে ২৮ মার্চ পর্যন্ত মোট ১২ দিন টার্মিনাল থেকে লঞ্চ পর্যন্ত বিনামূল্যে কুলি বা পোর্টার সেবা প্রদান করা হবে। একই সময়ে অসুস্থ ও শারীরিক প্রতিবন্ধী যাত্রীদের চলাচলের সুবিধার্থে ঢাকা নদী বন্দর (সদরঘাট) ও বরিশাল নদী বন্দরে হুইলচেয়ার সেবাও প্রদান করবে কর্তৃপক্ষ। 

বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ আশা প্রকাশ করছে যে, গৃহীত এসব উদ্যোগের ফলে এবারের ঈদযাত্রা আরও নিরাপদ, সুশৃঙ্খল ও স্বাচ্ছন্দ্যময় হবে। এই কর্মসূচি সফল করতে যাত্রীসাধারণের সার্বিক সহযোগিতা কামনা করা হয়েছে।

এমআই


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৬ সময় জার্নাল