বুধবার, ১৮ মার্চ ২০২৬

ছাত্রনেতাদের ঈদ: দায়িত্ব, সম্প্রীতি আর অনুভূতির গল্প

বুধবার, মার্চ ১৮, ২০২৬
ছাত্রনেতাদের ঈদ: দায়িত্ব, সম্প্রীতি আর অনুভূতির গল্প

ঈদ শব্দটি শুনলেই মনের ভেতর জেগে ওঠে আনন্দ, ভালোবাসা আর অসংখ্য স্মৃতির মধুর অনুভূতি। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর আসে আনন্দ, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বার্তা নিয়ে। ঈদের নামাজ শেষে কোলাকুলি, শুভেচ্ছা বিনিময় এবং একে অপরের সঙ্গে আনন্দ ভাগাভাগির মধ্য দিয়ে শুরু হয় উৎসবের নতুন অধ্যায়ঈদকে ঘিরে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিভিন্ন সংগঠনের ছাত্রনেতাদের রয়েছে ভিন্ন ভিন্ন অভিজ্ঞতা ও উপলব্ধি। তাদের নিজেদের ভাষায় সেই অনুভূতির কথাগুলো তুলে ধরেছেন...মোঃ হৃদয় 


দায়িত্ব, সম্পর্ক আর মানুষের পাশে দাঁড়ানোর ঈদ

 ঈদ মানে শুধু আনন্দ নয়, ঈদ মানে দায়িত্ববোধ এবং ভ্রাতৃত্বের বন্ধনকে আরও শক্তিশালী করার সময়। ছোটবেলা থেকেই ঈদ ছিল পরিবারের সঙ্গে কাটানো আনন্দের দিন। তবে বড় হওয়ার সঙ্গে সঙ্গে বুঝেছি ঈদের আসল সৌন্দর্য মানুষের পাশে দাঁড়ানোর মধ্যেই লুকিয়ে আছে।এবারের ঈদ আমি গ্রামের বাড়িতেই পরিবারের সঙ্গে কাটাবো। ঈদের নামাজের পর আত্মীয়স্বজন ও পাড়া-প্রতিবেশীদের সঙ্গে দেখা করবো এবং সবার সঙ্গে সময় কাটানোর চেষ্টা করবো।

ছাত্রনেতা হিসেবে আমার ভেতরে আলাদা এক দায়িত্ববোধ কাজ করে। আমি মনে করি ঈদ এমন একটি সময়, যখন মানুষের মধ্যে সৌহার্দ্য ও ঐক্যের বন্ধন আরও দৃঢ় করা যায়। তাই নিজের আনন্দের মধ্যেই সীমাবদ্ধ না থেকে আমি চেষ্টা করি আশপাশের মানুষের সঙ্গেও সেই আনন্দ ভাগাভাগি করতে।

ঈদের দিন বন্ধুদের সঙ্গে এবং সংগঠনের ভাইদের সঙ্গে দেখা হয়। আমরা একসঙ্গে সময় কাটাই, আড্ডা দিই। পাশাপাশি শহীদ পরিবারের সঙ্গে দেখা করা এবং তাদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার একটি পরিকল্পনাও থাকে।
এই ছোট ছোট মানবিক কাজগুলোই আমাদের সমাজকে আরও সুন্দর করে তুলতে পারে। বিশ্ববিদ্যালয় জীবনের ঈদ আমার কাছে সবসময়ই বিশেষ, কারণ বন্ধুদের সঙ্গে একসঙ্গে ঈদ করার আনন্দ সত্যিই অন্যরকম।

মো. রফিকুল ইসলাম
আহ্বায়ক,বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি শাখা 


ভ্রাতৃত্ব, সম্প্রীতি আর একসঙ্গে থাকার আনন্দ

ঈদ মানেই এক মহামিলনের আনন্দ। ছোটবেলা থেকেই ঈদের সময়টাতে আমরা সবাই একসঙ্গে হতে পারি এবং একে অপরের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে পারি।এক মাস রোজা রাখার পর ঈদ আসে। আমরা সবসময় চাই এই ঈদ সবার জীবনে আনন্দ, শান্তি ও সমৃদ্ধি বয়ে আনুক।

এবারের ঈদ আমার গ্রামের বাড়িতে পরিবারের সঙ্গে কাটাচ্ছি। ঈদের দিন নামাজ আদায় করবো, পরিবারের সবার সঙ্গে সময় কাটাবো এবং আত্মীয়স্বজনদের সঙ্গে দেখা করবো।

ছাত্রনেতা হিসেবে আমি মনে করি, ঈদ শুধু আনন্দের সময় নয় এটা দায়িত্ববোধেরও সময়। আমাদের উচিত সহপাঠী, বন্ধু এবং সমাজের মানুষের সঙ্গে সুসম্পর্ক তৈরি করা এবং তাদের পাশে দাঁড়ানো।ঈদ আমাদের শিখায় সব ভেদাভেদ ভুলে একসঙ্গে থাকতে। ধনী-গরিব সবাই যখন একসঙ্গে আনন্দ ভাগাভাগি করে, তখনই ঈদের প্রকৃত সৌন্দর্য ফুটে ওঠে। আমরা যদি নৈতিকতা ও মানবিকতা ধরে রাখতে পারি, তাহলে একটি সুন্দর সমাজ গড়ে তোলা সম্ভব।

মুহাম্মদ শামীম মাতুব্বর
সাধারণ সম্পাদক
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ
প্রাইভেট ইউনিভার্সিটি উইং


আনন্দ ভাগাভাগি আর দায়িত্ববোধের ঈদ

ঈদ আনন্দ ও সম্প্রীতির অন্যতম বড় উৎসব। ছোটবেলা থেকেই ঈদের দিনটা অনেক আনন্দের ছিল। তবে এখন বুঝতে পারি, এই আনন্দ তখনই পূর্ণ হয় যখন সেটি সবার সঙ্গে ভাগাভাগি করা যায়।ঈদের দিন নামাজ আদায় করবো, বড়দের দোয়া নেবো এবং আত্মীয়স্বজন ও বন্ধুদের সঙ্গে দেখা করবো।

ছাত্রনেতা হিসেবে আমি মনে করি ঈদ শুধু নিজের আনন্দের জন্য নয় এটা সবার সঙ্গে আনন্দ ভাগাভাগি করার সময়। আমাদের উচিত সহপাঠী এবং সমাজের মানুষের খোঁজ নেওয়া এবং তাদের পাশে থাকা। ঈদের সময় আশপাশের মানুষের সঙ্গে যোগাযোগ রাখতে এবং তাদের সঙ্গে সময় কাটাতে। এতে সম্পর্ক আরও দৃঢ় হয়। ঈদের আসল শিক্ষা হলো আনন্দ ভাগাভাগি করা। যদি আমরা দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে পারি, তখনই ঈদের আনন্দ সত্যিকারের পূর্ণতা পায়।

তরুণদের দায়িত্ব অনেক বড়। ভবিষ্যতে দেশকে এগিয়ে নেওয়ার দায়িত্ব আমাদেরই, তাই এখন থেকেই দায়িত্বশীল হওয়া প্রয়োজন।

মো. শাহরিয়ার সাগর
যুগ্ম সাধারণ সম্পাদক,ছাত্রদল
ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি শাখা 


আত্মশুদ্ধি, সংযম আর আদর্শের শিক্ষা

 ঈদ শুধু আনন্দের উৎসব নয়, এটি আত্মশুদ্ধির একটি বড় শিক্ষা বহন করে।মজান মাস আমাদের সংযম, ত্যাগ এবং আত্মনিয়ন্ত্রণের যে শিক্ষা দেয়, আমি মনে করি সেটি শুধু এক মাসের জন্য নয় 
আমাদের সারা বছর ধরে তা অনুসরণ করা উচিত।আমাদের উচিত খারাপ কাজ থেকে নিজেকে দূরে রাখা, নিজের নফসকে নিয়ন্ত্রণ করা এবং আল্লাহর সন্তুষ্টির জন্য জীবন পরিচালনা করা।

একজন ছাত্র হিসেবে এবং একজন মানুষ হিসেবে আমি মনে করি, ন্যায় ও সত্যের পথে থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই মূল্যবোধগুলোই আমাদের জীবনকে সুন্দর করে তুলতে পারে।আমরা সবসময় চেষ্টা করি নিজের জীবনে এই শিক্ষাগুলো ধারণ করতে।  সবার জন্য দোয়া করি আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করেন এবং সঠিক পথে চলার তৌফিক দান করেন।

সাইয়েদ নাজমুছ ছাকিব
ছাত্রশিবির প্রতিনিধি
ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি শাখা

সময় জার্নাল/একে


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৬ সময় জার্নাল