আন্তর্জাতিক ডেস্ক:
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যে তারা যুক্তরাষ্ট্রে অভিযান শেষ করবে যখন তারা নিশ্চিত হবে যে, ইরান আর পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে না।
মঙ্গলবার ওভাল অফিসে বক্তব্য দিতে গিয়ে ট্রাম্প বলেন, "ইরান চুক্তি করতে মরিয়া হয়ে আছে। তবে তা হোক বা না হোক, আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যেই অভিযান শেষ হবে বলে আশা করছি।
এর আগে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, যদি প্রতিপক্ষরা নিশ্চিত করে আবার সংঘাত হবে না তাহলেই কেবলমাত্র যুদ্ধ শেষ করার ব্যাপারে তেহরান আগ্রহ দেখাতে পারে।
এদিকে, মিত্র দেশগুলোরও কঠোর সমালোচনা করেছেন ট্রাম্প। তিনি যুক্তরাজ্যসহ অন্যান্য দেশগুলোর সমালোচনা করে বলেছেন, তারা যেন হরমুজ প্রণালী থেকে নিজেরাই তেল সংগ্রহ করে, যুক্তরাষ্ট্র আর তাদের সাহায্য করতে পারবে না।
এদিকে, ইরানের সাথে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের চলমান যুদ্ধের মধ্যে লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণ উপকণ্ঠে ইসরায়েলি বিমান হামলায় অন্তত দুজন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছে আরো অন্তত তিনজন।
মঙ্গলবার বৈরুতের ঠিক বাইরে খালদে এলাকায় একটি গাড়ি লক্ষ্য করে এই হামলা চালানো হয়। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছে।
ট্রাম্প বক্তব্যে কী কী বলেছেন
সাংবাদিকদের সাথে আলাপকালে ডোনাল্ড ট্রাম্প বলেন, খুব শিগগিরই ইরানে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান বন্ধ হতে পারে। এবং সেটি দুই বা তিন সপ্তাহের মধ্যেই শেষ হতে পারে।
এসময় মার্কিন প্রেসিডেন্ট বলেন, গত মাসের শেষ দিকে ইসরায়েলের সাথে সমন্বয় করে যুক্তরাষ্ট্র ইরানে যে হামলা চালিয়েছিল, সেই লক্ষ্য অর্জিত হয়েছে।
ডোনাল্ড ট্রাম্পের মতে, ইরানের পারমাণবিক অস্ত্র অর্জনের সক্ষমতা কমিয়ে আনার লক্ষ্যেই এই হামলা চালানো হয়েছিল। সেই লক্ষ্যমাত্রা অর্জিত হওয়ার কাছাকাছি পৌঁছানোয় তারা এখন এই যুদ্ধ শেষ করার কথা ভাবছে।
ট্রাম্প সাংবাদিকদের বলেছেন যে, যুক্তরাষ্ট্র 'খুব শিগগিরই ইরান থেকে সরে যাবে' এবং মার্কিন সামরিক অভিযান 'দুই বা তিন সপ্তাহের মধ্যেই' শেষ হতে পারে।
তিনি বলেন, গত মাসের শেষ দিকে ইরানের বিরুদ্ধে শুরু হওয়া বিমান হামলার আগে যে লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল, তা যুক্তরাষ্ট্র ইতোমধ্যেই অর্জন করেছে। তার মতে, ইরানের পারমাণবিক অস্ত্র অর্জনের সক্ষমতা সীমিত করার প্রধান লক্ষ্য পূরণ হয়েছে এবং এখন তারা 'কাজটি পুরোপুরি শেষ করছে'।
ট্রাম্প আরও বলেন, যুক্তরাষ্ট্র এখন ইরানের আকাশসীমায় আধিপত্য বিস্তার করেছে এবং বহু শীর্ষ রাজনৈতিক ও সামরিক নেতাকে হত্যার মাধ্যমে শাসন ব্যবস্থার পরিবর্তনও ঘটিয়েছে। তিনি তেহরানের নতুন নেতাদের 'আগের তুলনায় কম উগ্র' এবং 'আরও যুক্তিসঙ্গত' বলে বর্ণনা করেন।
তার দাবি, ইরানের নেতারা যুদ্ধ শেষ করতে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তি করার জন্য 'অনুনয় বিনয় করছে, যদিও ইরান এর আগেই এমন দাবি প্রত্যাখ্যান করেছে।
ট্রাম্প অবশ্য এও বলেছেন যে, দুই পক্ষের মধ্যে কোনো চুক্তি ছাড়াও এই যুদ্ধ শেষ হতে পারে।
যুদ্ধের কারণে জ্বালানির দাম বৃদ্ধির বিষয়ে তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র সামরিক কার্যক্রম শেষ করলেই দাম কমে আসবে।
এদিকে ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, যুদ্ধ শেষ হওয়া নিয়ে ইরানের সাথে আলোচনা চলছে এবং যুদ্ধ বন্ধের বিষয়টি অনেকটাই দৃশ্যমান।
কালক্ষেপণ করতে কোন ধরনের আলোচনা করে সময় নষ্ট করার বিষয়টিও ট্রাম্প মানবেন না বলেও জানান মি. রুবিও।
যদিও রুবিও যুদ্ধ বন্ধের কোনো সময়সীমার কথা উল্লেখ করেন নি ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে।
এমআই