সোমবার, ০৬ এপ্রিল ২০২৬

একনেকের প্রথম বৈঠকে ১৯ প্রকল্পের মধ্যে ৮টি নিয়ে আলোচনা

সোমবার, এপ্রিল ৬, ২০২৬
একনেকের প্রথম বৈঠকে ১৯ প্রকল্পের মধ্যে ৮টি নিয়ে আলোচনা

নিজস্ব প্রতিবেদক:

বর্তমান সরকারের প্রথম একনেক বৈঠকে উপস্থাপিত ১৯টি প্রকল্পের মধ্যে আটটি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে এবং এর মধ্যে কয়েকটি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর।

সোমবার (৬ এপ্রিল) দুপুরে সচিবালয়ে একনেক বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এই তথ্য জানান।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, বৈঠকে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়নের দুর্বলতা নিয়ে গুরুত্বের সঙ্গে আলোচনা হয়েছে। অতীতে রাজনৈতিক বিবেচনায় অনেক প্রকল্প গ্রহণ করা হয়েছিল, যা বাস্তব প্রয়োজনের সঙ্গে সবসময় সামঞ্জস্যপূর্ণ ছিল না। এ প্রেক্ষাপটে প্রধানমন্ত্রীর নির্দেশে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে।

এই কমিটি ১৩শর বেশি চলমান ও প্রস্তাবিত প্রকল্প পর্যালোচনা করে সেগুলোর যৌক্তিকতা, প্রয়োজনীয়তা ও বাস্তবতা যাচাই করবে।

অর্থ উপদেষ্টা আরও বলেন, অতীতে অনেক সময় রাষ্ট্র ও জনগণের মধ্যে এক ধরনের বিচ্ছিন্নতা তৈরি হয়েছিল, কারণ নির্বাচিত সরকার সবসময় কার্যকরভাবে রাষ্ট্র পরিচালনা করতে পারেনি। তবে বর্তমান সরকার নির্বাচনি ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতিগুলোকে এখন জাতীয় অগ্রাধিকারে পরিণত করেছে।

তিনি জানান, জনগণের প্রতি দায়বদ্ধতা থেকে সরকার এসব প্রতিশ্রুতি বাস্তবায়নে প্রকল্প গ্রহণ করছে। মেট্রোরেলসহ গুরুত্বপূর্ণ কয়েকটি বড় প্রকল্প নিয়েও বৈঠকে দিকনির্দেশনা দেওয়া হয়েছে। একটি বিস্তৃত কমিটি গঠন করে কোন প্রকল্পগুলো প্রকৃতপক্ষে জনগণের জন্য জরুরি, তা নির্ধারণ করা হবে।

এমআই


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৬ সময় জার্নাল