মাহবুবুল হক খান, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক শিশুর মৃত্যুকে কেন্দ্র করে স্বজনদের বিক্ষোভ, হামলা, নার্সদের লাঞ্চনা ও হুমকির ঘটনায় চরম উত্তেজনা সৃষ্টি হয়েছে। এ ঘটনায় হাসপাতালের চিকিৎসক, নার্স ও কর্মচারীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।
হাসপাতাল সূত্রে জানা যায়, বুধবার (৮ এপ্রিল ২০২৬) মধ্যরাত আনুমানিক ১২টা ৩০ মিনিটে শিশু ওয়ার্ডে চিকিৎসাধীন মুরসালিন (৩ মাস বয়সি) নামের এক শিশু মারা যায়। শিশুটি দিনাজপুর জেলা শহরের বড় বন্দরের বাসিন্দা রানা’র ছেলে। এর আগে গত ৫ এপ্রিল সকাল সাড়ে ৯টায় গুরুতর অসুস্থ অবস্থায় শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা করেও শিশুটিকে বাঁচাতে পারেননি।
শিশুটি মৃত্যুর পর বুধবার তার পিতা রানা, চাচা এবং তাদের সঙ্গে আসা ১৫-১৬ জন আত্মীয়-স্বজন হাসপাতালের চিকিৎসকদের বিরুদ্ধে ভুল চিকিৎসার অভিযোগ তুলে উত্তেজনা সৃষ্টি করেন। তারা হাসপাতালের ভেতরে বিশৃঙ্খলা সৃষ্টি করে, চিকিৎসাসেবায় বাধা দেয় এবং দায়িত্বরত চিকিৎসক, নার্স ও কর্মচারীদের উদ্দেশে অশালীন ভাষায় গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেয়।
এক পর্যায়ে তারা দায়িত্বরত এক সিনিয়র স্টাফ নার্সকে শারীরিকভাবে লাঞ্ছিত করে এবং তার হিজাব ছিঁড়ে ফেলে। পাশাপাশি এক চিকিৎসকের চোখ উপড়ে ফেলার হুমকিও দেওয়া হয়।
প্রায় তিন ঘণ্টা ধরে চলা এ ঘটনায় হাসপাতালের স্বাভাবিক চিকিৎসাসেবা মারাত্মকভাবে ব্যাহত হয়।
পরে হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি আইন-শৃঙ্খলা বাহিনীকে জানালে কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে পুলিশের উপস্থিতিতেও অভিযুক্তরা হুমকি দিয়েছে বলে জানা গেছে।
এ ঘটনায় হাসপাতালের পরিচালক ডা. মো. ফজলুর রহমান কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।
ঘটনার প্রত্যক্ষদর্শী হিসেবে একাধিক চিকিৎসক, নার্স ও কর্মচারীর নাম উল্লেখ করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমআই