মুরাদ ইমাম কবির, হিলি প্রতিনিধি:
"উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি" এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের হিলিতে উদ্বোধন করা হয়েছে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা।
উপজেলা প্রশাসনের আয়োজনে শনিবার দুপুরে উপজেলা পরিষদের হলরুমে দিনব্যাপী এই মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অশোক বিক্রম চাকমা।
পরে অতিথিবৃন্দ মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। এতে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী সব প্রজেক্ট নিয়ে মেলায় অংশ নেয়। মেলায় ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বিজ্ঞানের গুরুত্ব তুলে ধরা হচ্ছে।
এই ধরনের আয়োজন প্রান্তিক পর্যায়ের মেধাবী শিক্ষার্থীদের আধুনিক জ্ঞান ও গবেষণায় আরও আগ্রহী করে তুলবে বলে আশা আয়োজকদের। এসময় উপজেলা কৃষি কর্মকর্তা আরজেনা বেগম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শামসুল আলমসহ অন্যরা উপস্থিত ছিলেন।
মেলা দুপুর থেকে শুরু হয়ে বিকেল পর্যন্ত চলবে।
এমআই