নিজস্ব প্রতিবেদক;
আধুনিক বিশ্বের সঙ্গে সঙ্গতি রেখে বাংলাদেশের প্রধানমন্ত্রীর জন্য একটি নতুন ও অত্যাধুনিক বাসভবন নির্মাণের পরিকল্পনা করছে গৃহায়ন ও গণপূর্ত অধিদপ্তর। জুলাই গণঅভ্যুত্থানের পর সাবেক প্রধানমন্ত্রীর বাসভবন ‘গণভবন’ জাদুঘরে রূপান্তরিত হওয়ায় এবং অন্তর্বর্তী সরকারের সময় নতুন স্থায়ী বাসভবন নির্ধারিত না হওয়ায় বর্তমানে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
নতুন এই ভবনের নকশায় বহির্বিশ্বের সরকারপ্রধানদের আবাসের আদলে আধুনিক নিরাপত্তা ব্যবস্থা যুক্ত করা হচ্ছে। বিশেষ করে বহিঃশত্রুর আক্রমণ ও বোমা হামলা থেকে সুরক্ষার জন্য মাটির নিচে অত্যাধুনিক বাংকার এবং সুড়ঙ্গ বা টানেল নির্মাণের পরিকল্পনা রয়েছে। বর্তমানে প্রধানমন্ত্রী তারেক রহমান গুলশানের নিজস্ব বাসভবন থেকে দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করছেন এবং রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনাকে কেবল রাষ্ট্রীয় অনুষ্ঠানের জন্য ব্যবহারের সম্ভাবনা রয়েছে।
গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. খালেকুজ্জামান চৌধুরী জানিয়েছেন, প্রধানমন্ত্রীর বাসভবনের জন্য সচিবালয় সংলগ্ন মিন্টো রোড বা হেয়ার রোড এলাকায় স্থান নির্বাচনের প্রাথমিক কাজ চলছে। সেখানে ৫-৬টি ভবন অধিগ্রহণ করে একটি সমন্বিত ও সর্বোচ্চ সুরক্ষিত চত্বর গড়ে তোলার কথা ভাবা হচ্ছে।
এই প্রকল্পের মূল সারসংক্ষেপ দ্রুতই মন্ত্রণালয়ে জমা দেওয়া হবে। যাতায়াত সুবিধা এবং নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করাই এই নতুন বাসভবন নির্মাণের প্রধান লক্ষ্য, যেখানে আধুনিক স্থাপত্যের পাশাপাশি সব ধরনের সেফটি ও সিকিউরিটি প্রটোকল কঠোরভাবে অনুসরণ করা হবে।
একে