শেকৃবি প্রতিনিধি:
বাংলাদেশ জীববিজ্ঞান অলিম্পিয়াড (বিডিবিও) ঢাকা উত্তরের আঞ্চলিক পর্ব শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) অনুষ্ঠিত হয়েছে। “আশা জাগানিয়া লিথুয়ানিয়া” স্লোগানে আয়োজিত এ উৎসবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ও নরসিংদীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। অলিম্পিয়াডে প্রায় ১০০০ জন শিক্ষার্থী রেজিস্ট্রেশন করে, যার মধ্যে প্রায় ৭৬০ জন উপস্থিত ছিল।
অলিম্পিয়াডটি তিনটি ক্যাটাগরিতে( জুনিয়র, সেকেন্ডারি, হায়ার সেকেন্ডারি) অনুষ্ঠিত হয়। এর মধ্যে জুনিয়র ক্যাটাগরি থেকে চাম্পিয়ণ অফ দ্য চাম্পিয়ণ মুশফিরাত হাসান তুবা,মিরপুর বাংলা স্কুল এন্ড কলেজ, সেকেন্ডারি ক্যাটাগরি থেকে চাম্পিয়ণ অফ দ্য চাম্পিয়ণ রাকিন শাহরিয়ার বিন কাবির,সেন্ট জোসেফ হায়ার সেকেন্ডারি স্কুল এবং হায়ার সেকেন্ডারি ক্যাটাগরি থেকে চাম্পিয়ণ অফ দ্য চাম্পিয়ণ ইসমাত জাহান ঔশি।
অলিম্পিয়াডটি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে অত্র বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ও বিডিবিও ঢাকা নর্থের সাধারণ সম্পাদক মোঃ রানা ইসলাম এর নেতৃত্বে প্রায় ২০০ জন এনজাইম (স্বেচ্ছাসেবক) কাজ করেন।
অলিম্পিয়াড উৎসবে বিশেষ অতিথি ছিলেন শেকৃবির উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. বেলাল হোসেন। অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. আশাবুল হক ছাত্রপরামর্শ ও নির্দেশনা পরিচালক, শেকৃবি; প্রফেসর ড. আরফান আলী প্রক্টর, শেকৃবি।
বিডিবিও মডারেটর অধ্যাপক ড. মো. ছরোয়ার হোসেন বলেন, এটি শুধু একটি অলিম্পিয়াড নয়, বরং জীববিজ্ঞানকে আনন্দের সাথে শেখার একটি উৎসব। তিনি আরও বলেন, আঞ্চলিক, জাতীয় ও আন্তর্জাতিক—এই তিন ধাপে আয়োজিত এ অলিম্পিয়াড ইতোমধ্যে একটি সুপ্রতিষ্ঠিত প্ল্যাটফর্মে পরিণত হয়েছে এবং আন্তর্জাতিক পর্যায়ে সাফল্যের আশাবাদ ব্যক্ত করেন।
বিশেষ অতিথি অধ্যাপক ড. মো. বেলাল হোসেন বলেন, এমন আয়োজন শেকৃবির জন্য গর্বের। তিনি জীববিজ্ঞানের গুরুত্ব তুলে ধরে বলেন, বায়োলজিকে ভিত্তি করেই বায়োফিজিক্স ও বায়োকেমিস্ট্রির বিকাশ হয়েছে। তিনি একটি কোষের ভেতরের জটিল মলিকুলার কার্যক্রমের উদাহরণ দিয়ে শিক্ষার্থীদের বৈজ্ঞানিকভাবে চিন্তা করার আহ্বান জানান।
প্রশ্নোত্তর পর্বে অধ্যাপক ড. বেলাল হোসেনের নেতৃত্বে উপস্থিত অতিথিবৃন্দ শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেন।
অনুষ্ঠানে কো-পার্টনার হিসেবে ছিল বাংলা কৃষি উন্নয়ন কর্পোরেশন, ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার এক্সটেনশন , ন্যাশনাল এগ্রিকেয়ার, গ্রিন বাংলা এগ্রোভেট, ফসল এগ্রো ইন্ডাস্ট্রিস লিমিটেড, ইন্টিগ্রেটেড ক্রপ সলুশন বাংলাদেশ ও ডক্টরস হোপ প্রাইভেট লিমিটেড।
প্রফেসর ড. জামিলুর রহমান,কৌলিতত্ত্ব ও উদ্ভিদ প্রজনন বিভাগ,শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়) এর সভাপতিত্ত্বে অলিম্পিয়াডটি অনুষ্ঠিত হয়। তিনি সকল সহযোগী পার্টনার ও এনজাইমদের ধন্যবাদ জ্ঞাপন করেন।
উল্লেখ্য, জাতীয় জীববিজ্ঞান অলিম্পিয়াডের সম্ভাব্য তারিখ ৯ মে ২০২৬ নির্ধারণ করা হয়েছে, তবে ভেন্যু এখনো চূড়ান্ত হয়নি। আন্তর্জাতিক জীববিজ্ঞান অলিম্পিয়াড এবছর লিথুয়ানিয়ায় অনুষ্ঠিত হবে।
একে