মাহবুবুল হক খান, দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুর শিক্ষাবোর্ডের অধীনে ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় ১ লাখ ৮১ হাজার ৮৫৪ জন শিক্ষার্থী অংশগ্রহণ করবেন। গতবার পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১ লাখ ৮২ হাজার ৪২০ জন। এবারে ৫৬৬ জন পরীক্ষার্থী কমেছে। দিনাজপুর শিক্ষাবোর্ড প্রতিষ্ঠার পর এটি শিক্ষাবোর্ডের অধীনে ১৮তম এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। শিক্ষা বোর্ড প্রতিষ্ঠার পর ২০০৯ সালে প্রথমবারের মতো বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল।
আগামী ২১ এপ্রিল, মঙ্গলবার থেকে সারাদেশে একযোগে এসএসসি পরীক্ষা শুরু হবে। আর শেষ হবে আগামী ২০ মে ২০২৬ তারিখ।
দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. বোরহান উদ্দিন জানান, ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় এই শিক্ষাবোর্ডের অধীনে রংপুর বিভাগের ৮টি জেলার ২ হাজার ৮১০টি বিদ্যালয়ের ২৮৩টি পরীক্ষা কেন্দ্রে ১ লাখ ৮১ হাজার ৮৫৪ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে। এর মধ্যে ছাত্র ৯২ হাজার ৬৯২ জন এবং ছাত্রী ৮৯ হাজার ১৬২ জন। এসব পরীক্ষার্থীর মধ্যে নিয়মিত পরীক্ষার্থী ১ লাখ ৩৭ হাজার ২৮৬, অনিয়মিত ৪৪ হাজার ৫৬৮ জন ও জিপিএ উন্নয়ন পরীক্ষার্থী ১৯০ জন।
বিজ্ঞান বিভাগে মোট ৯৯ হাজার ৬৭১ জন পরীক্ষার্থীর মধ্যে ছাত্র ৫২ হাজার ৮৩১ জন ও ছাত্রী ৪৬ হাজার ৮৪০ জন। মানবিক বিভাগে ৮০ হাজার ২০৮ জন পরীক্ষার্থীর মধ্যে ছাত্র ৩৮ হাজার ৫০৪ জন ও ছাত্রী ৪১ হাজার ৭০৪ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ১ হাজার ৯৭৫ জন পরীক্ষার্থীর মধ্যে ছাত্র ১ হাজার ৩৫৭ জন ও ছাত্রী ৬১৮ জন।
দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মুহা. তৌহিদুল ইসলাম জানান, শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠানের লক্ষ্যে প্রতিটি পরীক্ষা কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। বিগত দিনের মতো এবারও এরই এসএসসি পরীক্ষা আয়োজনের জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
তিনি জানান, কেন্দ্রের প্রতিটি কক্ষে পরীক্ষার পরিস্থিতি কেন্দ্র সচিবের কক্ষ থেকে সিসি ক্যামেরার মাধ্যমে পর্যবেক্ষণ করা হবে। পর্যবেক্ষণে কোনো ধরনের ত্রুটি পাওয়া গেলে, অপরাধী শিক্ষক বা পরীক্ষার্থীর বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। প্রতিটি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা উপকরণ এবং প্রশ্নপত্র প্রেরণ করা হয়েছে।
তৌহিদুল ইসলাম আরো জানান, পরীক্ষা চলাকালীন শিক্ষা বোর্ডের নিজস্ব কর্মকর্তা ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের সমন্বয়ে ৭টি ঝটিকা জরুরি ভিজেলেন্স টিম গঠন করা হয়েছে। গঠিত টিম পরীক্ষা চলাকালীন তাৎক্ষণিকভাবে যে কোনো পরীক্ষা কেন্দ্রে ঝটিকা অভিযান পরিচালনা করবে।
প্রতিটি পরীক্ষা কেন্দ্রের বাইরে ২০০ গজের মধ্যে সাধারণের চলাচল নিষিদ্ধ করে প্রত্যেক জেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে জনসাধারণকে সচেতন করা হয়েছে। পরীক্ষা চলাকালীন নিরাপত্তার দায়িত্বে পুলিশ এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন।
এমআই