বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

বিজ্ঞানের অস্কার হিসেবে পরিচিত ব্রেকথ্রু পুরস্কার পেলেন যাঁরা

বৃহস্পতিবার, এপ্রিল ২৩, ২০২৬
বিজ্ঞানের অস্কার হিসেবে পরিচিত ব্রেকথ্রু পুরস্কার পেলেন যাঁরা

প্রযুক্তি ডেস্ক:

বিজ্ঞানের অস্কার হিসেবে আলোচিত ব্রেকথ্রু প্রাইজের ২০২৬ সালের বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে। জীবনবিজ্ঞান, মৌলিক পদার্থবিজ্ঞান ও গণিতে অসামান্য অবদানের জন্য এ বছর ছয়টি প্রধান বিভাগে প্রত্যেক বিজয়ীকে ৩০ লাখ মার্কিন ডলার পুরস্কার দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ১৮ এপ্রিল এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের সম্মানিত করা হয়। ব্রেকথ্রু পুরস্কারের বিজয়ীদের নামগুলো দেখে নেওয়া যাক।

জীবনবিজ্ঞান
এই বিভাগে তিনটি পৃথক পুরস্কার প্রদান করা হয়েছে। বংশগত অন্ধত্ব নিরাময়ের জন্য জিন বেনেট, ক্যাথরিন এ হাই এবং অ্যালবার্ট ম্যাগুইয়ার এই পুরস্কার ভাগ করে নিয়েছেন। তাঁরা লেবার কনজেনিটাল অ্যামোরোসিস নামক একটি বিরল বংশগত রোগের জন্য প্রথম এফডিএ-অনুমোদিত জিন থেরাপি তৈরি করেছেন, যা অন্ধ শিশুদের দৃষ্টিশক্তি ফিরিয়ে দিতে সক্ষম। এ ছাড়া রক্তের রোগ নিরাময়ের জন্য স্টুয়ার্ট এইচ ওরকিন এবং সুই লে থিন জিন এডিটিং থেরাপির মাধ্যমে সিকল সেল ডিজিজ ও বিটা-থ্যালাসেমিয়া রোগের চিকিৎসায় বৈপ্লবিক পরিবর্তন এনেছেন। তাঁদের গবেষণা থেকে বিশ্বের প্রথম ক্রিসপারভিত্তিক ওষুধ তৈরি হয়েছে। অন্যদিকে রোসা রাডেমেকারস ও ব্রায়ান ট্রাইনর যৌথভাবে এএলএস এবং ফ্রন্টোটেম্পোরাল ডিমেনশিয়ার প্রধান জেনেটিক কারণ আবিষ্কার করেছেন। এটি এই দুরারোগ্য রোগগুলোর নতুন চিকিৎসাপদ্ধতি তৈরির পথ খুলে দিয়েছে।

মৌলিক পদার্থবিজ্ঞান
সার্ন, ব্রুকহেভেন ন্যাশনাল ল্যাবরেটরি ও ফার্মিল্যাবের বিজ্ঞানীরা এ বছর মৌলিক পদার্থবিজ্ঞান বিভাগে পুরস্কার পেয়েছেন। পুরস্কার পাওয়া বিজ্ঞানীরা মিউওন নামের অতিপারমাণবিক কণার চৌম্বকীয় ঘূর্ণন অত্যন্ত নিখুঁতভাবে পরিমাপ করেছেন, যা আমাদের মহাবিশ্বের অজানা কণা বা শক্তি সম্পর্কে ধারণা দিতে পারে। এ ছাড়া শক্তিশালী নিউক্লীয় বল এবং স্ট্রিং থিওরির ওপর দীর্ঘ জীবনের গবেষণার জন্য ডেভিড জে গ্রসকে বিশেষ পুরস্কারে ভূষিত করা হয়েছে।

গণিত
গণিতবিদ ফ্রাঙ্ক মের্লে নন-লিনিয়ার ইভল্যুশন ইকুয়েশন ও তরঙ্গের আচরণসংক্রান্ত গাণিতিক ব্যাখ্যা প্রদানের জন্য এই পুরস্কার জিতেছেন। তাঁর কাজ ফ্লুইড ডায়নামিকস ও কোয়ান্টাম ফিজিক্সের জটিল গাণিতিক জট খুলতে সাহায্য করেছে।

নতুন প্রজন্মের জন্য পুরস্কার
এ বছর প্রথমবারের মতো নারী পদার্থবিদদের জন্য ভেরা রুবিন নিউ ফ্রন্টিয়ার্স প্রাইজ প্রবর্তন করা হয়েছে। প্রিন্সটন ইউনিভার্সিটির ক্যারোলিনা ফিগুয়েরেডো এই পুরস্কারের প্রথম বিজয়ী। এ ছাড়া তরুণ পদার্থবিজ্ঞানী ও গণিতবিদদের জন্য ১৫ জন নিউ হরাইজনস প্রাইজ এবং নারী গণিতবিদদের জন্য মরিয়ম মির্জাখানি নিউ ফ্রন্টিয়ার্স প্রাইজ প্রদান করা হয়েছে।

পুরস্কারের প্রেক্ষাপট
গুগলের সহপ্রতিষ্ঠাতা সের্গেই ব্রিন, মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মার্ক জাকারবার্গ ও তাঁর স্ত্রী প্রিসিলা চ্যান, রাশিয়ার ই–মেইল সেবা প্রতিষ্ঠান মেইলডট আরইউয়ের সহপ্রতিষ্ঠাতা ইউরি মিলনার ও স্ত্রী জুলিয়া মিলনার এবং ২৩অ্যান্ডমির সহপ্রতিষ্ঠাতা অ্যান ওয়াজসিকি ব্রেকথ্রু পুরস্কারের প্রতিষ্ঠাতা। তাঁদের প্রতিষ্ঠিত ব্রেকথ্রু প্রাইজ ফাউন্ডেশন গত ১৫ বছরে ৩৪ কোটি ডলারের বেশি অর্থ পুরস্কার দিয়েছে। ফাউন্ডেশনের সহপ্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ বলেন, এ বছরের বিজয়ীরা দেখিয়েছেন বিজ্ঞান কী করতে পারে। বিজ্ঞানীরা আমাদের মহাবিশ্ব সম্পর্কে জ্ঞান গভীর করে এবং লাখ লাখ মানুষের জীবন উন্নত করে এমন আবিষ্কারের দিকে নিয়ে যান।

সূত্র: ব্রেকথ্রু প্রাইজ, সিজিটিএন

এমআই 


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৬ সময় জার্নাল