মালিয়া হক তন্দ্রা:
সংবাদ শুধু তথ্য জানায় না; এটি ঘটনাকে বিশ্লেষণ করে, মানুষের মধ্যে সচেতনতা তৈরি করে, জনমত গঠন করে এবং সমাজের বাস্তব চিত্র তুলে ধরে। এক কথায়, সংবাদকে সমাজের আয়না বলা হয় যার মাধ্যমে মানুষ নতুনভাবে সমাজকে, সমাজের মানুষকে এবং সময়কে বুঝতে শেখে।
সাংবাদিকতা নিয়ে পড়া মানে শুধু খবর জানা নয়। এটি এমন একটি পথ, যা তোমাকে মানুষের জীবনের গভীরে নিয়ে যায় যেখানে প্রতিটি গল্পে লুকিয়ে থাকে হাসি, কান্না, বেদনা, স্বপ্ন এবং অদম্য সংগ্রাম। একজন সাংবাদিক শুধু তথ্য সংগ্রহ করেন না; তিনি মানুষের না-বলা কথাগুলো শোনেন, অবহেলিত কণ্ঠগুলোকে সামনে নিয়ে আসেন, এবং অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর সাহস অর্জন করেন।
সাংবাদিকতা শেখায় কীভাবে একটি ঘটনার ভেতরের সত্য খুঁজে বের করতে হয়, কীভাবে মানুষের অনুভূতিকে সম্মান জানিয়ে তা তুলে ধরতে হয়। কখনো তুমি দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াবে, কখনো অন্যায়ের শিকার কারও কণ্ঠস্বর হয়ে উঠবে। তখন বুঝবে সংবাদ শুধু তথ্য নয়, এটি মানুষের জীবনের স্পন্দন, সমাজের বিবেক, এবং সত্য প্রকাশের এক শক্তিশালী মাধ্যম।
এই পথ সহজ নয়। এখানে আছে চ্যালেঞ্জ, ঝুঁকি, চাপ এবং কঠিন বাস্তবতার মুখোমুখি হওয়ার অভিজ্ঞতা। কিন্তু একই সঙ্গে আছে এক অদ্ভুত তৃপ্তি যখন তোমার লেখা বা প্রতিবেদন কারও জীবনে পরিবর্তন আনে, কারও ন্যায়বিচার নিশ্চিত করতে সাহায্য করে, অথবা সমাজকে সচেতন করে তোলে।
বিখ্যাত সাংবাদিক Robert Fisk বলেছেন—
“In an uncertain world, reach as close to the truth as possible, and tell the truth.”
এই কথাটি শুধু একটি উপদেশ নয়, বরং সাংবাদিকতার গভীর মানবিক অঙ্গীকারের প্রতিচ্ছবি। কারণ পৃথিবীতে প্রতিদিন অসংখ্য ঘটনা ঘটে, কিন্তু সব সত্য স্পষ্টভাবে সামনে আসে না। অনেক সত্য চাপা পড়ে যায় ক্ষমতার আড়ালে, অনেক কণ্ঠস্বর হারিয়ে যায় ভয় আর নীরবতার মধ্যে। সেই জায়গায় একজন সাংবাদিক শুধু তথ্যবাহক নন তিনি সত্যের অনুসন্ধানী, মানুষের নীরব কষ্টের ভাষ্যকার।
সাংবাদিকতা পড়ার সবচেয়ে বড় লাভ হলো—তুমি সত্যকে ভালোবাসতে শিখবে। চারপাশে যখন গুজব, বিভ্রান্তি আর অর্ধসত্য ছড়িয়ে পড়ে, তখন তুমি আলাদা করে চিনতে পারবে আসল সত্য কোথায়। এই ক্ষমতা শুধু একজন ভালো সাংবাদিক হওয়ার জন্য নয়, একজন সচেতন নাগরিক হওয়ার জন্যও জরুরি।
সাংবাদিকতা তোমাকে সাহসী করে তোলে। অন্যায়ের সামনে নীরব না থেকে সত্য তুলে ধরার শক্তি দেয়। কখনো তোমাকে দুর্যোগ, দারিদ্র্য, বৈষম্য কিংবা মানুষের কষ্ট খুব কাছ থেকে দেখতে হবে। কিন্তু এই অভিজ্ঞতাগুলোই তোমাকে আরও মানবিক, আরও শক্ত এবং আরও দায়িত্বশীল করে তুলবে।
সবচেয়ে বড় কথা, সাংবাদিকতা তোমাকে জীবনের প্রতি নতুন দৃষ্টিভঙ্গি দেয়। তুমি শিখবে প্রশ্ন করতে, শিখবে বুঝতে, শিখবে অনুভব করতে। আর এই অনুভূতিগুলোই তোমাকে একজন দায়িত্বশীল, সচেতন ও মানবিক মানুষ হিসেবে গড়ে তুলবে।
একটি ছোট উদাহরণ ভাবো একজন ব্যক্তি সংবাদপত্রে মাত্র ১০ টাকার ছোট্ট জায়গা কিনে তার প্রিয় স্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন। এটি শুধু শুভেচ্ছা নয়; এটি ভালোবাসার প্রকাশ, শ্রদ্ধার স্বীকৃতি এবং অনুভূতির এক সুন্দর ঘোষণা। সংবাদপত্রের মতো একটি মাধ্যমকে বেছে নেওয়া মানে, অনুভূতিটিকে স্মরণীয় করে তোলা। এখানেই বোঝা যায় সংবাদমাধ্যম শুধু রাজনীতি বা ঘটনার ভাষা নয়, এটি মানুষের আবেগ, ভালোবাসা ও সম্পর্কেরও বাহক।
তাই সাংবাদিকতা শুধু একটি পড়াশোনার যাত্রায় এটি এক ধরনের দায়িত্ব, এক ধরনের অনুভূতি, এক ধরনের মানবিক অঙ্গীকার। এখানে তুমি নিজেকে খুঁজে পাবে মানুষের পাশে, সত্যের পথে, এবং সমাজ পরিবর্তনের যাত্রায়।
মালিয়া হক তন্দ্রা, শিক্ষার্থী, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়।