শনিবার, ০২ মে ২০২৬

প্রথম বাংলাদেশি হিসেবে ‘মাকালু’ পর্বতশৃঙ্গ জয় করলেন বাবর

শনিবার, মে ২, ২০২৬
প্রথম বাংলাদেশি হিসেবে ‘মাকালু’ পর্বতশৃঙ্গ জয় করলেন বাবর

অনলাইন ডেস্ক:

বাংলাদেশের পর্বতারোহণ ইতিহাসে নতুন মাইলফলক স্থাপন করলেন পর্বতারোহী বাবর আলী। বিশ্বের পঞ্চম উচ্চতম শৃঙ্গ মাকালু জয় করে তিনি প্রথম বাংলাদেশি হিসেবে আট হাজার মিটার উচ্চতার পাঁচটি পর্বত জয়ের কৃতিত্ব অর্জন করেছেন।

বাংলাদেশ সময় শনিবার ভোর ৫টা ৪৫ মিনিটে ৮,৪৮৫ মিটার উচ্চতার এই শৃঙ্গে পৌঁছান তিনি। নেপালের মহালাঙ্গুর হিমাল অঞ্চলে অবস্থিত মাকালুতে এর আগে কোনো বাংলাদেশি পর্বতারোহীর সফল আরোহণের নজির ছিল না।

‘এক্সপিডিশন মাকালু: দ্য ফিফথ ফ্রন্টিয়ার’ নামে এই অভিযানের আয়োজন করে ভার্টিক্যাল ড্রিমার্স। অভিযানের অগ্রগতি নিশ্চিত করেন সংগঠনটির সভাপতি ফরহান জামান, যিনি নেপালের আউটফিটার প্রতিষ্ঠানের বরাত দিয়ে শীর্ষ জয়ের খবর জানান।

গত ৭ এপ্রিল বাংলাদেশ থেকে যাত্রা শুরু করেন বাবর আলী। কয়েক ধাপ অভিযোজন প্রক্রিয়া শেষে তিনি বেজক্যাম্পে পৌঁছান এবং ধাপে ধাপে ক্যাম্প-১, ক্যাম্প-২ ও ক্যাম্প-৩ অতিক্রম করে চূড়ান্ত আরোহনে নামেন। অনুকূল আবহাওয়া কাজে লাগিয়ে ৩০ এপ্রিল থেকে শুরু হওয়া শেষ ধাপের অভিযানে টানা বিপজ্জনক খাড়া পথ অতিক্রম করে অবশেষে শিখরে পৌঁছান তিনি।

অভিযান সূত্রে জানা গেছে, বর্তমানে তিনি নিচের ক্যাম্পে নেমে আসার পথে রয়েছেন এবং নির্ধারিত সূচি অনুযায়ী শিগগিরই বেজক্যাম্পে ফিরবেন।

২০১৪ সালে পর্বতারোহণ শুরু করা বাবর আলী ইতোমধ্যেই একাধিক আন্তর্জাতিক শৃঙ্গ জয় করে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। তিনি ভারতের নেহরু ইনস্টিটিউট অব মাউন্টেনিয়ারিং থেকে প্রশিক্ষণ নেন।

এর আগে তিনি এভারেস্ট, লোৎসে, অন্নপূর্ণা-১ এবং মানাসলু শৃঙ্গ জয় করেছেন। বিশেষ করে কৃত্রিম অক্সিজেন ছাড়াই মানাসলু জয় তার অন্যতম উল্লেখযোগ্য সাফল্য হিসেবে বিবেচিত হয়।

এই অভিযানে তার সঙ্গে ছিলেন শেরপা গাইড আং কামি শেরপা। বিভিন্ন প্রতিষ্ঠান ও সংস্থা এই অভিযানে পৃষ্ঠপোষকতা করেছে বলে জানা গেছে।

মাকালু জয়ের মধ্য দিয়ে আন্তর্জাতিক পর্বতারোহণ অঙ্গনে বাংলাদেশের উপস্থিতি আরও এক ধাপ এগিয়ে গেল বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

একে 


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৬ সময় জার্নাল