নিজস্ব প্রতিবেদক:
দেশে পৌঁছেছে যুক্তরাষ্ট্রে নৃশংস হত্যাকাণ্ডের শিকার শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের খণ্ডিত মরদেহ। সোমবার (৪ মে) সকাল ৮টা ৪৭ মিনিটে তাঁর মরদেহবাহী উড়োজাহাজটি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছে।
ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাস জানায়, শনিবার রাত ৯.৫০ মিনিটে ফ্লোরিডার অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দরে এমিরাটসের একটি ফ্লাইটে তুলে দেওয়া হয় লিমনের কফিন।
দূতাবাস জানিয়েছে, লিমনের সঙ্গে নিহত নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহও দেশে পাঠানোর প্রক্রিয়া চলছে। মায়ামি কনস্যুলেটের মাধ্যমে পুরো বিষয়টি সমন্বয় করছে ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাস।
লিমন ও বৃষ্টি দুজনেই ছিলেন ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার পিএইচডির শিক্ষার্থী। খুলনা বিশ্ববিদ্যালয়ের স্নাতক লিমন ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় ভূগোল, পরিবেশ বিজ্ঞান ও নীতি বিষয়ে পিএইচডি করছিলেন। আর নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী বৃষ্টি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করছিলেন।
১৬ এপ্রিল সকাল থেকে তাদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। তাদের ফোন বন্ধ পেয়ে এবং কোনোভাবে যোগাযোগ করতে না পেরে পরিবারের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয় এলাকার পুলিশের সঙ্গে যোগাযোগ করা হয়।
পরে গত ২৪ এপ্রিল স্থানীয় একটি সেতুর কাছ থেকে লিমনের ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার করে পুলিশ। তারপর পুলিশ বৃষ্টির পরিবারকে ফোনে জানায়, তাকেও হত্যা করা হয়েছে। কয়েকদিন পর একটি জলাশয় থেকে বৃষ্টির মরদেহও উদ্ধার করা হয়।
এমআই