স্পোর্টস ডেস্ক:
প্রথম লেগের মতো গোলবন্যায় ভাসলো না বায়ার্ন-প্যারিস সেইন্ট জার্মেইর (পিএসজি) মধ্যকার দ্বিতীয় লেগ। আলিয়েঞ্জ অ্যারেনায় ১-১ সমতায় শেষ হলো ম্যাচ। তবে দুই লেগ মিলিয়ে ৬-৫ গোলের জয়ের টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়নস লীগ ফাইনালে পৌঁছে গেল পিএসজি। আগামী ৩০শে মে বুদাপেস্টের পুসকাস অ্যারেনায় শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে পিএসজি ও আর্সেনাল। গতবার সেমিফাইনালে গানারদের হারিয়েই শিরোপা তুলে ধরার পথে এগোয় ফরাসি জায়ান্টরা।
বায়ার্নের ঘরের মাঠে শুরুতেই স্বাগতিকদের স্তব্ধ করে দেয় পিএসজি। ম্যাচের মাত্র তৃতীয় মিনিটে খিচা কাভারেৎস্কেলিয়া ও ফ্যাবিয়ান রুইজের চমৎকার বোঝাপড়া থেকে বল পেয়ে ডি-বক্সের কোণা দিয়ে জাল খুঁজে নেন উসমান ডেম্বেলে। গোল হজম করে মরিয়া হয়ে ওঠে বাভারিয়ানরা, শানায় একের পর এক আক্রমন। নুনো মেন্ডেস ও জোয়াও নেভেসের হ্যান্ডবল নিয়ে দুবার পেনাল্টির আবেদন করলেও রেফারির সাড়া পায়নি বায়ার্ন। ম্যাচের একদম শেষ মুহূর্তে, যোগ করা চতুর্থ মিনিটে ভিনসেন্ট কোম্পানির দল সমতায় ফিরলেও তা কেবল হারের ব্যবধানই কমিয়েছে। স্বাগতিকদের হয়ে একমাত্র গোলটি করেন হ্যারি কেইন।
এমআই