নিজস্ব প্রতিবেদক:
দুই দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকা পৌঁছেছেন পাকিস্তানের স্বরাষ্ট্র ও মাদক নিয়ন্ত্রণবিষয়ক মন্ত্রী মহসিন রেজা নাকভি। শুক্রবার ভোরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। সফরে তার সঙ্গে স্ত্রীও রয়েছেন।Geographic Reference
বর্তমান সরকারের মেয়াদে পাকিস্তানের কোনো মন্ত্রীর এটিই প্রথম বাংলাদেশ সফর। সাম্প্রতিক সময়ে ঢাকা-ইসলামাবাদের কূটনৈতিক যোগাযোগ বৃদ্ধির ধারাবাহিকতায় এই সফরকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।
সফরসূচি অনুযায়ী, শুক্রবার দুপুরে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন মহসিন নাকভি। বৈঠকে মাদক পাচার প্রতিরোধ, সন্ত্রাস দমন, আন্তর্দেশীয় অপরাধ মোকাবিলা এবং গোয়েন্দা তথ্য বিনিময় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
এ সময় দুই দেশের মধ্যে মাদক ও সন্ত্রাসবিরোধী সহযোগিতা জোরদারে একটি সমঝোতা স্মারক সই হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। পাশাপাশি সাইবার নিরাপত্তা এবং উগ্রবাদী কর্মকাণ্ড প্রতিরোধেও পারস্পরিক সহযোগিতার বিষয় গুরুত্ব পাবে।
নিরাপত্তা বিশ্লেষকদের মতে, দক্ষিণ এশিয়াজুড়ে বিস্তৃত মাদক পাচার নেটওয়ার্ক ও জঙ্গি অর্থায়ন এখন আঞ্চলিক নিরাপত্তার বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে। এই প্রেক্ষাপটে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে তথ্য আদান-প্রদান ও যৌথ নজরদারি বাড়ানো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
সফরের অংশ হিসেবে পাকিস্তানের মন্ত্রী বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্মকর্তাদের সঙ্গেও বৈঠক করবেন বলে জানা গেছে। সেখানে দুই দেশের ক্রিকেট সহযোগিতা ও ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে আলোচনা হতে পারে। সফর শেষে আগামী শনিবার রাতে তার ঢাকা ত্যাগ করার কথা রয়েছে।
একে