সুমাইয়া জান্নাত:
'মা' লিখতে গেলে খুবই ছোট একটা শব্দ কিন্তু এই ছোট্ট শব্দের মধ্যেই রয়েছে এক বিশাল মহত্ব।মা হলেন পৃথিবীর একমাত্র অকৃত্রিম ভালোবাসার আঁধার। এজন্যই হয়তো আব্রাহাম লিংকন বলেছিলেন, "যার মা আছে, সে কখনোই গরীব না"। প্রকৃতপক্ষে মাকে নিয়ে যতই বলবো ততই কম হয়ে যাবে। 'মা' আমাদের জননী, লালনপালনকারী এই মহান ব্যক্তিত্ব ব্যতীত আমাদের অস্তিত্ব কল্পনা করা অসম্ভব। একজন মায়ের সারাটি জীবন ব্যয় হয় তার সন্তানের পেছনে।তার অগণিত নির্ঘুম রাত এবং নিবিড় যত্ন আমাদেরকে তিলে তিলে বড় করে তুলেছে। তার নিরলস পরিশ্রম ও অসীম ত্যাগের বিনিময়ে তৈরি হয় প্রতিটি সন্তানের একটা সুন্দর ভবিষ্যৎ।একমাত্র মা ই পারেন তার সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করতে। তাই তো নেপোলিয়ন বোনাপার্ট বলেছেন, "আমাকে একজন শিক্ষিত মা দাও, আমি তোমাদের একটা শিক্ষিত জাতি উপহার দেব। "মায়েদের মধ্যে সৃষ্টিকর্তা কিছু বিশেষ ক্ষমতা দিয়েছেন। তাইতো তারা শত অসুস্থতার মাঝেও একাহাতে পুরো সংসার সামলাতে পারেন। পরিবারের প্রতিটি সদস্যের দেখভাল করেন দক্ষভাবে। সন্তানের স্কুল বা স্বামীর অফিস অথবা বাবা মায়ের ঔষধ কোনটাই তাদের ভুল হয় না। সময়ের আগেই তিনি সবার জন্য প্রস্তুত থাকেন।'মা' ই হলেন পৃথিবীর একমাত্র ব্যাংক, যেখানে আমরা আমাদের সব দুঃখ-কষ্ট জমা রাখি এবং বিনিময়ে নেই বিনা সুদে অকৃত্রিম ভালবাসা। আমাদের এই যান্ত্রিক জীবনের ব্যস্ততায় কখনো হয়তো বলা হয়ে ওঠেনি যে, "মা আমি তোমাকে অনেক ভালোবাসি "।কিন্তু মায়েদের ছাড়া আমরা অচল। মা হলেন সেই ব্যক্তি যিনি আমাদের প্রথম বন্ধু,সেরা বন্ধু চিরদিনের বন্ধু। আমাদের জীবনে মায়েদের স্থান সকলের উপরে। তাই আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (স.) বলেছেন, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। তাই আমি প্রার্থনা করি, পৃথিবীর সকল মা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের ছায়া হয়ে থাকুন সবসময়।
লেখক: সুমাইয়া জান্নাত, বাংলা বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়।