নিজস্ব প্রতিবেদক:
আগামী ২০২৬-২০২৭ অর্থবছরের জাতীয় বাজেটকে সামনে রেখে নারী উদ্যোক্তাদের টেকসই উন্নয়ন, ব্যবসায়িক চ্যালেঞ্জ মোকাবিলা এবং অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যে রাজধানীতে প্রাক-বাজেট আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৬ মে) রাজধানীর গুলশানের হোটেল লেকশোরে উইমেন এন্টারপ্রেনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ওয়েব) আয়োজিত “একসেলেরাটিং ওমেন’স এন্ট্রেপ্রেনিউরশিপ ফর ইনক্লুসিভ গ্রোথ: রেকমেন্ডেশন রিপোর্ট শেয়ারিং ফর ন্যাশনাল বাজেট ২০২৬-২৭” শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর। অনুষ্ঠানে সভাপতিত্ব ও স্বাগত বক্তব্য দেন ওয়েবের সভাপতি নাসরিন ফাতেমা আউয়াল।
প্রধান অতিথির বক্তব্যে ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, “নারী উদ্যোক্তারা যেসব নীতি উপস্থাপন করেন, তা শুধু আলোচনা করলে হবে না, বাস্তবায়নও করতে হবে। অর্থনৈতিক সমীক্ষায় আপনারা দেখেছেন, কীভাবে ডি-ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হয়েছে এবং কত ভয়ংকরভাবে আনুষ্ঠানিক শ্রমবাজারে নারীদের অংশগ্রহণ হ্রাস পেয়েছে।”
তিনি বলেন, “সরকার মনে করে অতিক্ষুদ্র, ক্ষুদ্র, মাঝারি ও কুটিরশিল্পই বাংলাদেশের প্রাণ। এদের সাফল্য মানেই বাংলাদেশের সাফল্য। নতুন উদ্যোক্তা সৃষ্টির জন্য সহজ লাইসেন্স প্রক্রিয়া ও সহজ এসএমই ঋণ প্রদানের লক্ষ্যে সরকার নতুন নীতিমালা প্রণয়ন করবে।”
ওয়েব সভাপতি নাসরিন ফাতেমা আউয়াল বলেন, “উদ্যোক্তা হওয়ার প্রথম শর্তই হলো পুঁজি। আর নারীদের উদ্যোক্তা হয়ে ওঠার পথে সবচেয়ে বড় বাধাগুলোর একটি হচ্ছে অর্থসংকট। ব্যাংকগুলো যদি নারী উদ্যোক্তাদের প্রতি আরও সহানুভূতিশীল হয়, তাহলে দেশ আরও অনেক নতুন ও সফল নারী উদ্যোক্তা পাবে।”
অনুষ্ঠানের শুরুতে মূল প্রবন্ধ ও সুপারিশমালা উপস্থাপন করেন ওয়েবের নির্বাহী পরিচালক মাহিউল কাদির। পরে প্যানেল আলোচনা ও প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।
প্যানেল আলোচনায় অংশ নেন অর্থ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ড. নাদিরা সুলতানা, বাংলাদেশ ব্যাংকের টেকসই অর্থায়ন বিভাগের পরিচালক চৌধুরী লিয়াকত আলী, অ্যাকশনএইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ফারাহ কবির, সাজেদা ফাউন্ডেশনের সিইও জাহিদা ফিজা কবির, এসএমই ফাউন্ডেশনের উপ-ব্যবস্থাপনা পরিচালক নাজিম হাসান সাত্তার এবং ইউএন গ্লোবাল কমপ্যাক্ট নেটওয়ার্ক বাংলাদেশের নির্বাহী পরিচালক শাহামিন এস. জামান।
সংলাপে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, ব্যবসায়ী নেতৃবৃন্দ এবং ওয়েবের নারী উদ্যোক্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপস্থাপিত প্রস্তাবগুলো বাস্তবায়নের আশ্বাস দেন প্রধান অতিথি।
একে