রিদয়, ডিআইইউ প্রতিনিধি:
ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) এর উপাচার্য অধ্যাপক ড. জাহিদুল ইসলামের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাক হওয়ার অভিযোগ পাওয়া গেছে। হ্যাক হওয়া অ্যাকাউন্ট থেকে বিভিন্ন ব্যক্তির কাছে বিকাশের মাধ্যমে ৩০ হাজার টাকা চেয়ে বার্তা পাঠানো হচ্ছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় সূত্র।
মঙ্গলবার (১৯ মে) বিকেল চারটার দিকে বিষয়টি জানা যায়। পরে উপাচার্যের ব্যবহৃত নম্বরে কল দিলে অপরপ্রান্ত থেকে জানানো হয়, তাঁর হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাক হয়েছে এবং কেউ যেন কোনো ধরনের আর্থিক লেনদেন না করেন।
বিশ্ববিদ্যালয়ের একাধিক শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তির কাছে পাঠানো বার্তায় জরুরি প্রয়োজনে বিকাশে টাকা পাঠানোর অনুরোধ করা হয়েছে বলে জানা গেছে। এতে প্রতারণার আশঙ্কা তৈরি হয়েছে।
উপাচার্যের ব্যক্তিগত কর্মকর্তা মো. মনির বলেন, “কিছুক্ষণ আগেই স্যারের হোয়াটসঅ্যাপ হ্যাক হয়েছে। আমরা যথাযথ ব্যবস্থা নিচ্ছি। বিশ্ববিদ্যালয়ের আইটি টিম বিষয়টি নিয়ে কাজ করছে।”
এ ঘটনায় এখনো থানায় সাধারণ ডায়েরি (জিডি) বা সাইবার ইউনিটে অভিযোগ করার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানা গেছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, উপাচার্যের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট এখনো উদ্ধার করা সম্ভব হয়নি।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি হ্যাক হওয়া নম্বর থেকে আসা কোনো বার্তার ভিত্তিতে আর্থিক লেনদেন না করার অনুরোধ জানানো হয়েছে।
একে