শনিবার, ২৩ মে ২০২৬

৫ আগস্টে বিতাড়িতদের সঙ্গে একটা গোষ্ঠী যোগাযোগ করছে: প্রধানমন্ত্রী

শনিবার, মে ২৩, ২০২৬
৫ আগস্টে বিতাড়িতদের সঙ্গে একটা গোষ্ঠী যোগাযোগ করছে: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:

২০২৪ সালের ৫ আগস্টে বিতাড়িতদের সঙ্গে একটা গোষ্ঠীর মিল রয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গোপনে সেই গোষ্ঠী পতিত স্বৈরাচারের সঙ্গে যোগাযোগ করছে বলেও অভিযোগ করেছেন তিনি। 

প্রধানমন্ত্রীর ভাষায়, ‘৫ আগস্ট পতিত স্বৈরাচার বিদায় নিয়ে যেভাবে ষড়যন্ত্র করছে, তাদের সঙ্গে একটি গোষ্ঠীর মিল দেখা যায়। গোপনে তাদের সঙ্গে যোগাযোগও রয়েছে। এসব ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সজাগ দৃষ্টি রাখতে হবে।’

শনিবার (২৩ মে) বিকেলে ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বইলরে চার কিলোমিটার দীর্ঘ ধরার খালের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

দেশের ভাগ্য ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কঠোর অবস্থান তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, সরকার আইনের শাসন প্রতিষ্ঠার জন্য কাজ করছে। রামিসা হত্যাকাণ্ডকে কেন্দ্র করে কেউ কেউ পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছে বলেও তিনি অভিযোগ করেন।

তিনি বলেন, ‘মানুষের ভাগ্য নিয়ে আর ছিনিমিনি খেলতে দেওয়া হবে না। জনগণকে সজাগ থাকতে হবে এবং উন্নয়ন ও স্থিতিশীলতার স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ ভূমিকা রাখতে হবে। দেশের ভাগ্য পরিবর্তনে ৪০ কোটি হাতকে এক হতে হবে।’

প্রধানমন্ত্রী বলেন, ‘অরাজক পরিস্থিতি সৃষ্টি হলে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড বাধাগ্রস্ত হবে এবং সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হবে। তাই এ ধরনের পরিস্থিতি তৈরি করতে চাওয়া শক্তির বিরুদ্ধে জনগণকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।’

তিনি বলেন, ‘বিএনপির পরিকল্পনা ব্যাহত করতে একটি পক্ষ ষড়যন্ত্র করছে, তবে জনগণ সব ধরনের ষড়যন্ত্র প্রতিহত করবে।’

প্রধানমন্ত্রী বলেন, ‘বিএনপি সরকার গঠন করায় একটা গোষ্ঠীর জ্বালা ধরেছে। অন্তর্র্বতী সরকারের সময় যেসব ঘটনা ঘটেছে, আপনারা তাদেরকে সেসব বিষয়ে কিছু বলতে দেখেছেন? প্রতিবাদ করতে দেখেছেন? দেখেননি। কারণ তারা বিএনপি সরকারের উন্নয়ন পরিকল্পনা নস্যাৎ করতে চায়। বিএনপির সরকারের উন্নয়ন পরিকল্পনা নষ্ট হলে জনগণের ক্ষতি হবে। আপনাদের ক্ষতি। তাই এদেরকে আপনাদেরও প্রতিহত করতে হবে।’

তিনি বলেন, ‘বিএনপি তার প্রতিশ্রুতি অনুযায়ী জনগণের ভাগ্য উন্নয়নে কাজ করবে। আপনারা লক্ষ্য করবেন এক শ্রেণি এসব কথা না বলে শুধু ষড়যন্ত্র করে আর রাস্তাঘাটে আন্দোলনের নেমে জনদুর্ভোগ করতে চায়।’

খাল খনন বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘ময়মনসিংহের ২০ হাজার কিলোমিটার খাল পর্যায়ক্রমে খনন করা হবে। আজ যে খাল পুনঃখনন করা হলো, এখানে প্রায় ৪ হাজার কৃষক পরিবারের বিশ হাজার মানুষের কৃষি কাজে সহায়ক হবে।’

এমআই


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৬ সময় জার্নাল