বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬

ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে দেশে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

বৃহস্পতিবার, মে ২৮, ২০২৬
ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে দেশে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

নিজস্ব প্রতিবেদক:

ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে আজ বৃহস্পতিবার সারা দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হচ্ছে।

সকাল সাড়ে ৭টায় জাতীয় ঈদগাহ ময়দানে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ নেন। এ ছাড়া দেশের অন্যান্য ঈদগাহ ও মসজিদেও ঈদের জামাত অনুষ্ঠিত হচ্ছে।

খুতবায় আলেম ও খতিবেরা ইসলামে কোরবানির তাৎপর্য বর্ণনা করেন৷ এছাড়া, ত্যাগ, আত্মশুদ্ধি ও সহমর্মিতার ওপর জোর দেওয়ার কথা বলেন তারা৷ 

জাতীয় ঈদগাহে উৎসবমুখর পরিবেশে ঈদের নামাজ আদায়। ছবি: রাজীব ধর/টিবিএস
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার সন্ধ্যায় এক ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী বলেন, 'ত্যাগের পরাকাষ্ঠা, তাকওয়ার মহিমান্বিত পথনির্দেশনা এবং আত্মশুদ্ধির অনন্য বার্তা নিয়ে বছর ঘুরে বিশ্ব মুসলিমের দুয়ারে আবারো হাজির পবিত্র ঈদুল আজহা। বাংলাদেশসহ বিশ্ব মুসলিমের প্রতি পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা। দলমত, ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশবাসীকে পবিত্র ঈদের শুভেচ্ছা জানাই। ঈদ মুবারক।' 

ঈদুল আজহা উপলক্ষে সোমবার থেকে সাত দিনের সরকারি ছুটি শুরু হয়েছে। তবে হামের চিকিৎসা এবং জরুরি স্বাস্থ্যসেবায় নিয়োজিত চিকিৎসক ও নার্সদের ঈদের ছুটি বাতিল করা হয়েছে। নিরবচ্ছিন্ন চিকিৎসাসেবা নিশ্চিত করতেই তাদের এই ছুটির বাইরে রাখা হয়েছে।

এ ছাড়া ফায়ার সার্ভিস, বিদ্যুৎ, পানি, গ্যাস, ইন্টারনেট এবং ডাক সেবার মতো জরুরি পরিষেবাগুলো ঈদের ছুটিতেও স্বাভাবিক নিয়মে চালু থাকবে।

নগরবাসীর জানমালের নিরাপত্তা এবং শান্তিপূর্ণ ঈদ উদযাপন নিশ্চিত করতে জাতীয় ঈদগাহ ঘিরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে কড়া নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে।

বুধবার জাতীয় ঈদগাহের প্রস্তুতি পরিদর্শন শেষে সাংবাদিকদের ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ বলেন, ঈদের বিশেষ নিরাপত্তাব্যবস্থার কারণে ঢাকা মহানগর পুলিশের মাত্র ১০ থেকে ১৫ শতাংশ সদস্যকে ছুটি দেওয়া হয়েছে।

ঈদ উপলক্ষে সরকারি, আধাসরকারি এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোর ভবন বর্ণিল আলোকসজ্জায় সাজানো হয়েছে। বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার এবং বিভিন্ন বেসরকারি টেলিভিশন চ্যানেল ঈদ উপলক্ষে বিশেষ অনুষ্ঠানমালা সম্প্রচার করছে।

এ ছাড়া দেশের বিভিন্ন হাসপাতাল, এতিমখানা, কারাগার এবং শিশুসদনগুলোতে এদিন বিশেষ খাবার পরিবেশন করা হবে।

এমআই


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৬ সময় জার্নাল