নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর মগবাজারে আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের পোস্ট অপারেটিভ ওয়ার্ডে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনার তদন্তে হাসপাতাল কর্তৃপক্ষের অনিয়ম স্পষ্ট হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল।
বৃহস্পতিবার (৪ জুন) সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নিজকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তদন্ত প্রতিবেদনের বরাত দিয়ে এ তথ্য জানান মন্ত্রী।
স্বাস্থ্যমন্ত্রী জানান, পরবর্তী প্রক্রিয়া হিসেবে হাসপাতালের সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হবে।
তদন্ত প্রতিবেদনের বরাত দিয়ে মন্ত্রী জানান, চিকিৎসক-নার্সদের অবহেলা এবং হাসপাতালে সহায়ক পরিবেশ না থাকায় শিশুদের মৃত্যু হয়েছে। বদ্ধ কক্ষে অক্সিজেন কম থাকায় প্রাণহানির ধারণা করা হয় প্রতিবেদনে।
ইতিপূর্বে স্বাস্থ্য মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটি প্রতিবেদন জমা দিয়েছে। এতে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলা ও অব্যবস্থাপনা প্রমাণিত হয়েছে।
এমআই