মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬

খুবিতে বেল্টা ন্যাশনাল কনফারেন্স-২০২৬ অনুষ্ঠিত

শনিবার, জানুয়ারী ১০, ২০২৬
খুবিতে বেল্টা ন্যাশনাল কনফারেন্স-২০২৬ অনুষ্ঠিত

সাইফ রসুল খান,খুবি প্রতিনিধি:

খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) ‘পেডাগজিক ইনোভেশনস ফর রিফরমেশন অ্যান্ড রেজিলিয়েন্স’ শীর্ষক বেল্টা ন্যাশনাল কনফারেন্স-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ডিসিপ্লিন ও বাংলাদেশ ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচার্স অ্যাসোসিয়েশন (বেল্টা)-এর যৌথ উদ্যোগে আয়োজিত এ সম্মেলনটি আজ ১০ জানুয়ারি (শনিবার) সকালে বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে শুরু হয়।

সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম। তিনি বলেন, বর্তমান শিক্ষা ব্যবস্থা দ্রুত পরিবর্তিত হচ্ছে। শিক্ষার্থীদের চাহিদা ও শেখার ধরন বদলাচ্ছে এবং প্রযুক্তি ক্রমেই শ্রেণিকক্ষের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠছে। এই প্রেক্ষাপটে পরিবর্তনশীল শিক্ষাব্যবস্থা ও প্রযুক্তিনির্ভর শ্রেণিকক্ষে শিক্ষকদের নতুন ও নমনীয় শিক্ষণ-পদ্ধতি গ্রহণ করা অত্যন্ত জরুরি।

উপাচার্য আরও বলেন, পেডাগজিক্যাল উদ্ভাবন কেবল আধুনিক প্রযুক্তির ব্যবহারে সীমাবদ্ধ নয়; বরং শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা এবং বাস্তব জীবনে ভাষা ব্যবহারে দক্ষ করে তোলাই এর মূল লক্ষ্য। একই সঙ্গে শিক্ষা ব্যবস্থায় রেজিলিয়েন্স বা সহনশীলতা কঠিন সময়েও শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি মানসম্মত, শিক্ষার্থী-কেন্দ্রিক ও গবেষণাভিত্তিক শিক্ষার প্রতি খুলনা বিশ্ববিদ্যালয়ের অঙ্গীকারের কথা তুলে ধরেন এবং জাতীয় পর্যায়ের এ ধরনের সম্মেলন আয়োজনের জন্য বেল্টার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ইংরেজি ডিসিপ্লিনের প্রধান প্রফেসর ড. আব্দুর রহমান শাহীনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সম্মেলনের কী-নোট স্পিকার, বেল্টার প্রেসিডেন্ট ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রফেসর আহমেদ বশির, খুলনা বিশ্ববিদ্যালয়ের কলা ও মানবিক স্কুলের ডিন প্রফেসর ড. মোঃ শাহজাহান কবীর, কনফারেন্স কনভেনর ও বেল্টার সেক্রেটারি ড. মোঃ মহিব উল্লাহ এবং কো-কনভেনর ও ইংরেজি ডিসিপ্লিনের প্রফেসর মোঃ সামিউল হক।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে ব্র্যাক ইউনিভার্সিটির ব্র্যাক ইনস্টিটিউট অব ল্যাঙ্গুয়েজেসের পরিচালক প্রফেসর ড. শায়লা সুলতানা কী-নোট সেশন উপস্থাপন করেন। তিনি শিক্ষায় প্রযুক্তির সংযুক্তি, শিক্ষার্থী-কেন্দ্রিক শিক্ষণ-পদ্ধতি এবং পরিবর্তনশীল বৈশ্বিক প্রেক্ষাপটে ভাষা শিক্ষার চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ডিসিপ্লিনের প্রভাষক তুশমিত মেহেরুবা আঁকা ও প্রভাষক আফসানা কবির প্রীতি। দিনব্যাপী এ সম্মেলনে চারটি প্যারালাল সেশনে শতাধিক গবেষণা প্রবন্ধ উপস্থাপন করা হয়। একাডেমিক আলোচনা ও গবেষণা উপস্থাপনার মাধ্যমে ইংরেজি ভাষা শিক্ষার বিভিন্ন দিক নিয়ে গভীর আলোচনা হয়। সম্মেলনে দেশ-বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় তিনশ শিক্ষক, গবেষক ও শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

একে 


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৬ সময় জার্নাল