মুহা: জিললুর রহমান, সাতক্ষীরা প্রতিনিধি:
বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দুর্নীতিবাজদের লালকার্ড দেখানোর মধ্য দিয়ে সাতক্ষীরায় অনুষ্ঠিত হয়েছে রান উইথ ম্যারাথন।
সাতক্ষীরা সরকারি কলেজ শাখা ছাত্র শিবিরের উদ্যোগে শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকাল সাতটায় সরকারি কলেজ মাঠ থেকে এই রান উইথ ম্যারাথন শুরু করা হয়।
ম্যারাথনটি সরকারি কলেজ থেকে শহরের ফুড অফিস মোড়, নারকেলতলা মোড়, খুলনা রোড় মোড়স্থ আসিফ চত্বর, লাবনী মোড়, কলেজ মোড় হয়ে সাতক্ষীরা সরকারি কলেজ মাঠে গিয়ে শেষ হয়।
সাতক্ষীরা সরকারি কলেজ শাখার শিবিরের সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে রান উইথ ম্যারাথন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী ছাত্রশিবিরের সাতক্ষীরা শহর শাখার সভাপতি মোঃ আল মামুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মুনতাসির বিল্লাহ, ইসলাম শিক্ষা বিভাগীয় প্রধান প্রফেসর মিয়ারাজ হোসাইন, ব্যাংকার সিদ্দিকুর রহমান, হাসান আল বান্না, ছাত্রশিবিরের শহর শাখার সেক্রেটারি মেহেদী হাসান প্রমূখ।
প্রধান অতিথি আল মামুন বলেন, ৫ আগস্ট ছাত্র-জনতা ঐক্যবদ্ধভাবে ফ্যাসিস্টদের লাল কার্ড দেখিয়ে বিদায় দিয়েছে। বাংলাদেশে আর কেউ নতুনভাবে ফ্যাসিস্ট হতে চাইলে ছাত্র-জনতা ঐক্যবদ্ধভাবে তাদেরকে আবারও লাল কার্ড দেখিয়ে দিবে।
তিনি বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনে তরুণ সমাজ চাঁদাবাজ, সন্ত্রাস, দুর্নীতিবাজদের বিরুদ্ধে লাল কার্ড দেখাবে এবং সকল অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবে। আগামীর বাংলাদেশ হবে ইনসাফের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে স¤প্রীতির বাংলাদেশ। তিনি সকলকে ঐক্যবদ্ধভাবে সুন্দর, সমৃদ্ধশালী আগামীর বাংলাদেশ বিনির্মাণে অগ্রণী ভূমিকা রাখার জন্য আহবান জানান।
অনুষ্ঠানে শিবিরের শহর ও কলেজ শাখার নেতৃবৃন্দ এবং সাধারণ শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। ম্যারাথন উইথ রানে প্রথম তিনজন সহ মোট ২০ জনকে পুরস্কৃত করা হয়।
এমআই