মাহবুবুল হক খান, দিনাজপুর প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর সদর আসনের জামায়াতের প্রার্থী এ্যাড. মোঃ মাইনুল আলমের দাড়িপাল্লার সমর্থনে ১১দলীয় নির্বাচনি ঐক্যজোটের আয়োজনে নির্বাচনি গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোসবার (৯ ফেব্রুয়ারি ২০২৬) বিকেল সকাল ১১টায় দিনাজপুর শহরের বালুবাড়ী বন্ধন কমিউনিটি সেন্টার প্রাঙ্গণে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, দেশে আর কেউ ফ্যাসিস্ট হয়ে উঠতে পারবে না। দেশের মানুষ চাঁদাবাজদের আর দেখতে চায় না। মানুষ পরিবর্তন চায়। সমৃদ্ধ দিনাজপুর গড়তে মাইনুল আলমের পাশে থেকে দাড়িপাল্লা মার্কায় ভোট দেওয়ার আহবান জানান বক্তারা।
দিনাজপুর সদর উপজেলা জামায়াতের আমির মেহরাব আলীর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন
জেলা জামায়াতের আমির অধ্যক্ষ আনিসুর রহমান। প্রধান মেহমান হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর সদর আসনের ১১দলীয় ঐক্যজোটের প্রার্থী জামায়াত নেতা এ্যাড. মোঃ মাইনুল আলম।
সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দিনাজপুর সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জামায়াত নেতা মাওলানা মুজিবুর রহমান, শহর জামায়াতের আমির সিরাজুস সালেহীন, শহর ছাত্রশিবিরের সেক্রেটারি মাসুদ রানা, ইসলামী ছাত্রশিবিরের নেতা ঢাকসু'র বিজ্ঞান বিষয়ক সম্পাদক ইকবাল হায়দার,
জাগপার কেন্দ্রীয় নেতা সৈয়দ ইমরুল কায়েস রুপম, এনসিপি শ্রমিক শক্তির কেন্দ্রীয় নেতা মোঃ রেজাউল ইসলাম প্রমূখ।
সমাবেশ শেষে বালুবাড়ী বন্ধন কমিউনিটি সেন্টার থেকে এক বিশাল নির্বাচনি গণমিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বন্ধন কমিউনিটি সেন্টার গিয়ে শেষ হয়। গণমিছিলে বিপুলসংখ্যক নারীসহ ১১দলীয় জোটের নেতাকর্মী সমর্থক ও সাধারণ ভোটার অংশগ্রহণ করেন।
এমআই