বুধবার, ফেব্রুয়ারী ১১, ২০২৬
মুহা: জিললুর রহমান, সাতক্ষীরা প্রতিনিধি:
সাতক্ষীরায় সেনাবাহিনীর পরিচয় দেয়া এক ভুয়া গোয়েন্দাকে আটক করেছে সেনাবাহিনীর একটি দল। এসময় তার কাছ থেকে ককটেল ও গুলি উদ্ধার হয়। বুধবার (১১ ফেব্রুয়ারি) ভোর রাত ২টার দিকে সদর উপজেলার আলিপুর ইউনিয়নের নাথপাড়া গ্রামের একটি বাঁশ বাগান থেকে এই ককটেল ও গুলি উদ্ধার করা হয়। এর আগে মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাতে শহরের তালতলা ঈদগাহ এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক ভুয়া গোয়েন্দার নাম মোঃ আবু মুসা (৩৫)। তিনি সাতক্ষীরা সদর উপজেলা রসুলপুর এলাকার রেজাউল সরদারের ছেলে।
সাতক্ষীরা সদর আর্মি ক্যাম্পের মেজর মুশফিক আহমেদ জানান, আবু মুসা (০১৯১১-০৫৮৭৭৩) মোবাইলে সাতক্ষীরার ছাত্র সমšয়ক মোঃ নাজমুল হোসাইন রনিকে জানান, আলিপুর ইউনিয়নের নাথপাড়া গ্রামের একটি বাঁশ বাগানে ককটেল ও গুলি আছে। বিষয়টি নাজমুল হোসেন রনি তাৎক্ষণিকভাবে সাতক্ষীরা উপশাখা ডিজিএফআইকে অবগত করেন। এরপর বুধবার ভোররাতে শহরের তালতলা ঈদগাহ এলাকা থেকে সেনাবাহিনীর গোয়েন্দা পরিচয়দানকারী মোঃ আবু মুসাকে আটক করা হয়।
তাকে সাতক্ষীরা সদর আর্মি ক্যাম্পে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। একপর্যায়ে তারই (মুসা) দেওয়া তথ্যের ভিত্তিতে বুধবার ভোর রাত দু’টার দিকে আলিপুর নাথপাড়া গ্রামের একটি বাঁশ বাগান থেকে ৫টি ককটেল ও ৫টি পিস্তলের গুলি, ৯৩ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫৫০ গ্রাম গাজা উদ্ধার করা হয়। সেনাবাহিনীর গোয়েন্দা পরিচয় দানকারী আবু মুসা ও উদ্ধারকৃত আলামত সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাঃ মাসুদুর রহামন বিষয়টি নিশ্চিত করে বলেন, থানায় মামলা দায়েরের পর আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণের বিষয়টি প্রক্রিয়াধীন।
এমআই