ইসাহাক আলী, নাটোর প্রতিনিধি:
নাটোরের চারটি সংসদীয় আসনের সবকটিতেই বিপুল ভোটে বিজয়ী হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থীরা।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১টায় নাটোরের জেলা প্রশাসক ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা আসমা শাহীন আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করেন।
জেলার ৪টি আসনে বিজয়ী বিএনপি প্রার্থীরা হলেন- নাটোর-১ আসনে ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল, নাটোর-২ আসনে অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু, নাটোর-৩ আসনে আনোয়ারুল ইসলাম আনু এবং নাটোর-৪ আসনে আব্দুল আজিজ।
প্রাপ্ত ফলাফল বিশ্লেষণে দেখা যায়, নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে বিএনপির প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল ১ লাখ ২ হাজার ৭২৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি সাবেক মন্ত্রী মরহুম ফজলুর রহমান পটলের মেয়ে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত মনোনীত প্রার্থী আবুল কালাম আজাদ পেয়েছেন ৯০ হাজার ৫৬৮ ভোট। এছাড়া এই আসনে স্বতন্ত্র প্রার্থী তাইফুল ইসলাম টিপু (কলস প্রতীক) ৭৩ হাজার ১৭৩ ভোট পেয়ে তৃতীয় অবস্থানে রয়েছেন।
উল্লেখ্য, পুতুলের বাবা সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মরহুম ফজলুর রহমান পটল ১৯৯১, ১৯৯৬ ও ২০০১ সালের নির্বাচনে এই আসন থেকে ধানের শীষ প্রতীকে চারবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। ২০০৮ সালের নির্বাচনে আসনটি বিএনপির হাতছাড়া হয়। পরবর্তীতে ২০১৪ সালে বিএনপি নির্বাচনে অংশগ্রহণ না করা, ২০১৮ সালে দিনের ভোট রাতে হওয়া এবং ২০২৪ সালের ডামি নির্বাচনের প্রেক্ষাপটে প্রায় দেড় যুগ আসনটি বিএনপির বাইরে ছিল।
দীর্ঘদিন পর ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলের হাত ধরে বাবার সেই আসন পুনরুদ্ধারের মধ্য দিয়ে আসনটিতে আবারও ধানের শীষের প্রত্যাবর্তন ঘটল।
জেলা সদর ও নলডাঙ্গা উপজেলা নিয়ে গঠিত নাটোর-২ আসনে বিজয়ী হয়েছেন বিএনপির কেন্দ্রীয় নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলু। সবকটি কেন্দ্রের ফলাফলে তিনি পেয়েছেন ১ লাখ ৬২ হাজার ৮৪১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী অধ্যাপক ইউনুস আলী পেয়েছেন ১ লাখ ৩০ হাজার ৬৬ ভোট।
এখানে জয় পেয়ে মানুষের নিরাপত্তা নিশ্চিত করার অঙ্গীকার করেছেন বিএনপির কেন্দ্রীয় এই নেতা।
নাটোর-৩ (সিংড়া) আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর বিজয়ের মালা পরেছেন বিএনপির প্রার্থী আনোয়ারুল ইসলাম আনু। তিনি ১ লাখ ১৯ হাজার ৭৬৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার প্রধান প্রতিদ্বন্দ্বী জেলা বিএনপির বহিষ্কৃত নেতা ও স্বতন্ত্র প্রার্থী দাউদার মাহমুদ পেয়েছেন ৬৬ হাজার ৪৯২ ভোট। ৩ লাখ ২৬ হাজার ৮৭২ জন ভোটারের এই আসনেও ধানের শীষের বিজয় নিশ্চিত হয়।
অপরদিকে, নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনে ১ লাখ ৭০ হাজার ৫৫১ ভোট পেয়ে জয়ী হয়েছেন বিএনপি প্রার্থী আব্দুল আজিজ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত নেতা আব্দুল হাকিম পেয়েছেন ১ লাখ ৩৫ হাজার ৩৮৬ ভোট। এই আসনে মোট ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও মূল লড়াই সীমাবদ্ধ ছিল বিএনপি ও জামায়াত প্রার্থীর মধ্যেই।
এমআই