নিজস্ব প্রতিবেদক:
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে কাজ শুরু করেছেন তারেক রহমান।
আজ (২১ ফেব্রুয়ারি) সকাল ১০টা ১০ মিনিটের দিকে তিনি কার্যালয়ে পৌঁছান।
প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবিএম আব্দুস সাত্তার এবং অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন তাকে স্বাগত জানান।
মূল ভবনে প্রবেশের আগে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আমলে দায়িত্ব পালন করা কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী। প্রত্যক্ষদর্শীরা জানান, তিনি দীর্ঘদিন ধরে কর্মরত কয়েকজন কর্মচারীর নাম ধরে ডাকেন এবং তাদের সঙ্গে সংক্ষিপ্ত আলাপ করেন। এতে কার্যালয় প্রাঙ্গণে আন্তরিক পরিবেশ সৃষ্টি হয়।
প্রধানমন্ত্রী কার্যালয় প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন এবং বিশেষ মোনাজাতে অংশ নেন।
এ সময় প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. একেএম শামসুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরে প্রধানমন্ত্রী শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন করেন।
এমআই