বুধবার, ফেব্রুয়ারী ২৫, ২০২৬
মাহবুবুল হক খান, দিনাজপুর প্রতিনিধি :
দিনাজপুর শহরের দক্ষিণ লালবাগ জামে মসজিদের তিন তলাবিশিষ্ট ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
বুধবার (২৫ ফেব্রুয়ারি ২০২৬) সকাল সাড়ে ১১ টায় প্রধান অতিথি হিসেবে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন দিনাজপুর সদর আসনের নবনির্বাচিত সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম। সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর এই প্রথমবারের মত কোন মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সৈয়দ জাহাঙ্গীর আলম। এ সময় তিনি সংসদ সদস্য হওয়ার পর প্রথমেই আল্লাহর ঘর মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করতে পারায় আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি সবার কাছে থেকে যেন জনগণের সেবা করতে পারেন সেই প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
ভিত্তিপ্রস্তর স্থাপনের পর মসজিদের সার্বিক কল্যাণে মুনাজাত করা হয়। মুনাজাত পরিচালনা করেন দক্ষিণ লালবাগ জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মোঃ মুনসেফ আলী।
অনুষ্ঠানে দক্ষিণ লালবাগ জামে মসজিদ কমিটির সভাপতি-২ মোঃ আজহারুল ইসলাম দুলু, সাধারণ সম্পাদক মোঃ মকসেদুল আলম দুলাল, যুগ্ম সম্পাদক শাহিদ আহমেদ, কোষাধ্যক্ষ গোলাম সোস্তফা খোকন, বিশিষ্ট সমাজসেবক সাবেক টিটিই মোঃ আজিজুল হক, দিনাজপুর পৌরসভার সাবেক কাউন্সিলর মোঃ হারুনুর রশিদ রাজা, বিশিষ্ট সমাজসেবক বাবু চৌধুরীসহ মসজিদ কমিটির অন্যান্য সদস্য, স্থানীয় বিএনপির নেতাকর্মী, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মসজিদের মুসল্লিবৃন্দ উপস্থিত ছিলেন।
এমআই