ইসহাক আলী, নাটোর প্রতিনিধি:
নাটোরের সিংড়ায় আব্দুল কাহার ওরফে আতিক নামে এক যুবককে হত্যা মামলায় মাসুদ রানা ও মিজানুর রহমান মিন্টু নামে দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ লাখ টাকা করে জরিমানা এবং অনাদায়ে আরো ৩ বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার দুপুরে নাটোরের অতিরিক্ত দায়রা জজ আদালত -৪ এর বিচারক দেলোয়ার হোসেন এই রায় প্রদান করেন।
দন্ডপ্রাপ্তরা সিংড়ার বড়গ্রাম দক্ষিনপাড়া এলাকার মৃত আব্দুল মজিদ মন্ডলের ছেলে মাসুদ রানা ও একই এলাকার মৃত ফজলার রহমানের ছেলে মিজানুর রহমান মিন্টু।
মামলার এজাহার সুত্রে রাষ্ট্রপক্ষের আইনজীবি রুহুল আমিন তালুকদার টগর বলেন, ২০১৪ সালের ২৪ ডিসেম্বর সন্ধ্যায় আব্দুল কাহার ওরফে আতিককে তার পরিচিত কয়েকজন ব্যাক্তি বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। দীর্ঘ সময় আব্দুল কাহার বাড়িতে ফিরে না আসলে বিভিন্ন স্থানে খোঁজাখুজি শুরু করে পরিবারের সদস্যরা। কিন্তু কোথাও তার কোন সন্ধ্যান পাওয়া যায়নি। পরদিন সকালে বাড়ির অদুরে একটি পুকুরপাড়ে আব্দুল কাহারের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের বাবা আব্দুর রশীদ বাদি হয়ে চার জনের নাম সহ অজ্ঞাত আরো চার থেকে পাঁচজনকে অভিযুক্ত করে সিংড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলা দায়েরের পর পুলিশ তদন্ত শুরু করে এবং পরে মিজানুর রহমান মিন্টু ও মাসুদ রানাকে আটক করে। পুলিশী জিজ্ঞাসাবাদে তারা আব্দুল কাহারকে হত্যার কথা স্বীকার করলে তাদের বিরুদ্ধে প্রতিবেদনসহ আদালতে প্রেরণ করা হয়। দীর্ঘ প্রায় ১২ বছর মামলার স্বাক্ষ্য প্রমাণ গ্রহন শেষে আদালতের বিচারক আসামীদের যাবজ্জীবন কারাদণ্ড ও প্রত্যেককে ১০ লাখ টাকা করে জরিমানা অনাদায়ে আরো ৩ বছর করে কারাদণ্ডের আদেশ দিয়েছেন বলে জানান তিনি।
এমআই