চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
ব্যাংকিং সেক্টরে কর্মরত কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত সংগঠন ‘চৌদ্দগ্রাম ব্যাংকার্স সোসাইটি’র উদ্যোগে ও সংগঠনের আজীবন সদস্য এবং পূবালী ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মনজুরুর রহমানের আর্থিক সহযোগিতায় সুবিধা বঞ্চিত তিন শতাধিক দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী ও কর্মজীবীদের মাঝে চারটি সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।এছাড়াও এতিম ছাত্রদের নিয়ে ইফতার মাহফিল করেছে সংগঠনটি।
এ উপলক্ষে গতকাল বিকেলে আটগ্রামস্থ ডলি রিসোর্টে আয়োজিত অনুষ্ঠানে সংগঠনের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল কাফি মজুমদারের সভাপতিত্বে ও সংগঠনের সমন্বয়ক এস এম হাবিব মহসিন সুধনের সার্বিক তত্বাবধানে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইসলামী ব্যাংকের ইভিপি এ কে এম শহিদুল হক খন্দকার, অগ্রণী ব্যাংকের সাবেক জিএম মোহাম্মদ কামরুজ্জামান, ওয়ান ব্যাংকের এসইভিপি মোঃ নজরুল ইসলাম, বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ জয়নাল আবেদীন খান, আল আরাফাহ ইসলামী ব্যাংকের এভিপি কাজী মোঃ ইলিয়াছ, অগ্রণী ব্যাংকের সহকারি মহাব্যবস্থাপক আগা আজিজুল ইসলাম চৌধুরী, ইসলামী ব্যাংকের কর্মকর্তা মোস্তাক আহমেদ এবং সিটিজেন ব্যাংকের কর্মকর্তা এস এন ইউসুফ প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারাগণ বলেন, চৌদ্দগ্রাম ব্যাংকার্স সোসাইটিকে ব্যাংকিং সেক্টর তথা চৌদ্দগ্রামের উন্নয়ন ও সেবামূলক কর্মকান্ডে সবসময় নিয়োজিত থাকার প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি সংগঠনের সদস্যগণের মধ্যে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি, ঐক্য-ভ্রাতৃত্ব, সোহার্দ্য, পেশাগত উন্নয়ন, সহযোগিতার মনোভাব ও মানবসেবার ব্রত নিয়ে সামনে এগিয়ে যাবার আহবান জানান।
সদস্যদের ঐকান্তিক প্রচেষ্টায় অরাজনৈতিক সেবামূলক পেশাজীবী সংগঠন হিসাবে চৌদ্দগ্রাম ব্যাংকার্স সোসাইটি তার অভিষ্ট লক্ষ্য অর্জনে সামনে এগিয়ে যাবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
একে