সোমবার, ০৯ মার্চ ২০২৬

ইবি শিক্ষিকা হত্যার বিচার দাবিতে মানববন্ধনে শাখা ছাত্রদল

রোববার, মার্চ ৮, ২০২৬
ইবি শিক্ষিকা হত্যার বিচার দাবিতে মানববন্ধনে শাখা ছাত্রদল

তালুকদার হাম্মাদ, ইবি প্রতিনিধি: 

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি ও সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা হত্যাকাণ্ডের বিচারের দাবিতে মানববন্ধন করেছে বিএনপি ও জামায়াতপন্থী শিক্ষকরা। এসময় শিক্ষকদের দাবির সাথে সংহতি প্রকাশ করে মানববন্ধনে অংশগ্রহণ করে শাখা জাতীয়তাবাদী ছাত্রদল।

রবিবার (৮ মার্চ) বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় সংগঠনটির সদস্য সচিব মাসুদ রুমি মিথুন, যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজ, আহসান হাবীব, আহ্বায়ক সদস্য রাফিজ আহমেদ, নুর উদ্দিন, সাব্বিরসহ অন্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

এ ব্যাপারে সদস্য সচিব মাসুদ রুমি মিথুন বলেন,  কিছুদিন আগে আমাদের শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, সাজিদ হত্যার বিচার নিশ্চিত করতে প্রশাসন চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে। সম্প্রতি নিজ কক্ষে শিক্ষিকা আসমা সাদিয়া রুনা ম্যামের নির্মম হত্যাকাণ্ডের ঘটনা আবারও প্রমাণ করেছে যে বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষক ও শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে।

তিনি আরও বলেন, ৫ আগস্ট পরবর্তী সময়ে সংগঠিত এ দুইটি নির্মম হত্যাকাণ্ড আমাদের সকলের জন্য গভীর উদ্বেগের বিষয়। অনতিবিলম্বে প্রশাসনকে সাজিদ আব্দুল্লাহ ও আসমা সাদিয়া রুনা ম্যামের হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সংশ্লিষ্ট সকলকে চিহ্নিত করে দ্রুত গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করতে হবে। অন্যথায় সাধারণ শিক্ষার্থীরা আরও বৃহত্তর কর্মসূচি দিতে বাধ্য হবে।

এদিকে সম্মিলিত মানববন্ধনে অধ্যাপক ড. রফিকুল ইসলামের সঞ্চালনায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী, ট্রেজারার অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মুনজুরুল হক, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবাইদুল ইসলাম, প্রক্টর অধ্যাপক ড. শাহিনুজ্জামান, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. বেগম রোখসানা মিলি, থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. সেকেন্দার আলি, জিয়া পরিষদ সভাপতি অধ্যাপক ড. ফারুকুজ্জামান, ইউট্যাব এর সাংগঠনিক সম্পাদক অধ্যাপক ড. গফুর গাজী ও গ্রীণ ফোরামের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন। একইসাথে, এসময় নিহত আসমা সাদিয়া রুনার পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

এমআই


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৬ সময় জার্নাল