আন্তর্জাতিক ডেস্ক:
ইরানের ওপর মার্কিন হামলায় সহযোগিতার অভিযোগে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) কাছে ক্ষতিপূরণ দাবি করে জাতিসংঘ মহাসচিবকে চিঠি দিয়েছেন জাতিসংঘে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত আমির-সাঈদ ইরাভানি। ইরানের 'নূর নিউজ'-এর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
চিঠিতে ইরাভানি বলেন, আমেরিকাকে তাদের ভূখণ্ড ব্যবহার করে ইরানে হামলা চালানোর সুযোগ দিয়ে সংযুক্ত আরব আমিরাত একটি 'আন্তর্জাতিকভাবে অন্যায় কাজ করেছে, যার জন্য রাষ্ট্রীয় দায়বদ্ধতা বর্তায়'।
তিনি দাবি করেন, ইরানের ওপর হওয়া সকল বস্তুগত এবং নৈতিক ক্ষয়ক্ষতির বিপরীতে ক্ষতিপূরণ বা প্রতিকার নিশ্চিত করার আন্তর্জাতিক দায়িত্ব আমিরাতের রয়েছে।
গত ২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা শুরু হওয়ার পর থেকে তেহরানও বেশ কয়েকটি উপসাগরীয় দেশে পাল্টা হামলা চালিয়েছে। এসব হামলার ফলে সংযুক্ত আরব আমিরাত বড় ধরণের ক্ষয়ক্ষতির মুখে পড়েছে।
উল্লেখ্য, ইরানের শীর্ষ কর্মকর্তাদের গুপ্তহত্যার বিষয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের নীরবতারও কঠোর সমালোচনা করেছে তেহরান। ইরাভানি তার চিঠিতে উল্লেখ করেছেন, নিরাপত্তা পরিষদের এই নিষ্ক্রিয়তার কারণে ইসরায়েল ইরানি কর্মকর্তাদের লক্ষ্যবস্তু করার ক্ষেত্রে আরও সাহসী হয়ে উঠছে।
তিনি আরও সতর্ক করে বলেন, এই ধরণের কর্মকাণ্ড যদি এখনই বন্ধ করা না হয়, তবে কর্মকর্তাদের গুপ্তহত্যা একটি স্বাভাবিক বিষয়ে পরিণত হতে পারে এবং তা অন্য দেশগুলোতেও ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।
এমআই