মাহবুবুল হক খান, দিনাজপুর প্রতিনিধি :
জামায়াতে ইসলামীর সহকারি সেক্রেটারি জেনারেল ও রংপুর- দিনাজপুর অঞ্চলের পরিচালক মাওলানা আবদুল হালিম বলেছেন, সরাসরি নির্বাচন না দিয়ে স্থানীয় সরকারে প্রশাসক নিয়োগ দেওয়া গণতান্ত্রিক ধারার প্রতি পদাঘাত।
বুধবার (২৫ মার্চ ২০২৬) দুপুরে দলীয় কার্যালয়ে দিনাজপুর জেলা জামায়াত আয়োজিত দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, সরকারের কল্যাণমূলক কাজকে আমরা সাধুবাদ জানাবো, আর যেসব কাজ দেশের জন্য ক্ষতিকর তার প্রতিবাদ করবো।
তিনি বলেন, জামায়াতে ইসলামী শুধু একটি রাজনৈনিক দল নয়। অন্যান্য দল নির্বাচনে হেরে গেলে ক্ষতিগ্রস্থ হয় বা ভেঙ্গে পড়ে, কিন্তু জামায়াত হেরে গেলেও আল্লাহর শুকরিয়া আদায় করে। তাই নির্বাচনে হারা বা জিতা কোন ব্যাপার নয়, সর্বাবস্থায় ধৈর্যধারণ করতে হবে। আগামী দিনের জন্য তৈরি হতে হবে। আমাদের সৎ ও নিষ্ঠাবান হতে হবে।
জামায়াত নেতা মাওলানা আবদুল হালিম বলেন, জামায়াতের প্রতি আড়াই কোটি মানুষের সমর্থন আছে, আর গণভোটে ৪ কোটির বেশি মানুষের সমর্থন আছে। তাই আমাদের মন খারাপ করা বা হতাশ হওয়া যাবে না। আমরা ২২৪ আসনে নির্বাচন করে ৬৮ আসনে বিজয়ী হয়েছি। যারা জামায়াতকে ভোট দিয়েছে তাদেরকে কাছে টেনে নিতে হবে।
দিনাজপুর জেলা জামায়াতের আমির অধ্যক্ষ আনিসুর রহমানের সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি মুহাদ্দিস ড. এনামুল হক'র সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও রংপুর দিনাজপুর অঞ্চলের টিম সদস্য মোঃ আব্দুর রশীদ, জেলা জামায়াতের সাবেক আমির ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও অঞ্চল টিম সদস্য মোঃ আনোয়ারুল ইসলাম, জেলা জামায়াতের সাবেক আমির আফতাব উদ্দীন মোল্লা, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও দিনাজপুর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি রাজিবুর রহমান পলাশ প্রমূখ।
এমআই