মাহবুবুল হক খান, দিনাজপুর প্রতিনিধি : দেশে জ্বালানী তেল সংকটের মধ্যে দিনাজপুরের বীরগঞ্জে একটি বাসায় অবৈধভাবে মজুদ করা ৩৮০ লিটার ডিজেল ও অকটেন জব্দ করেছে উপজেলা প্রশাসন। এসময় পরিতোষ রায় নামে এক ব্যক্তিকে ৭ দিনের কারাদন্ড ও ৫ হাজার টাকা জরিমানার আদেশ প্রদান করেছেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট।
শনিবার (২৮ মার্চ ২০২৬) দুপুরে বীরগঞ্জ উপজেলার শিবরামপুর ইউনিয়নের ধনগাঁও বাজারে এই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট সুমা খাতুন।
দন্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন- বীরগঞ্জ উপজেলার শিবরামপুর ইউনিয়নের ধনগাঁও গ্রামের জগদিশ রায়ের ছেলে পরিতোষ রায় (২৭)।
গোপন সংবাদের ভিত্তিতে ধনগাঁও গ্রামের একটি বাড়ীতে অভিযান পরিচালনা করে ভ্রাম্যমান আদালত। এ সময় বাড়ীতে জারকিন ও বোতলে রক্ষিত ৩৫০ লিটার ডিজেল ও ৩০ লিটার অকটেন জব্দ করা হয়। অবৈধভাবে বাড়ীতে তেল মজুদের অভিযোগে পরিতোষ রায়কে ৭ দিনের কারাদন্ড ও ৫ হাজার টাকা অর্থদন্ডের আদেশ প্রদান করেন বিচারক। পরে জব্দকৃত তেল সরকার নির্ধারিত মুল্যে বিক্রির ব্যবস্থা করা হয়। বিক্রিত অর্থ সরকারি কোষাগারে জমা করা হয়েছে।
বীরগঞ্জের ইউএনও সুমা খাতুন জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং অবৈধভাবে তেল মজুদ ও কালোবাজারির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমআই