মুহাঃ জিললুর রহমান, সাতক্ষীরা প্রতিনিধি:
সাতক্ষীরায় মাছের ঘেরে পানি দেওয়া শ্যালো মেশিনের তার গোটানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নয়ন মৃধা (৩৮) নামের একজন কম্পিউটার ল্যাব অপারেটর নিহত হয়েছেন। সোমবার (৩০ মার্চ) সকাল ১০ টার দিকে সাতক্ষীরার আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নের বাশিরামপুর গ্রামে একটি মাছের ঘেরে এঘটনা ঘটে।
নিহত নয়ন মৃধা আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নের বাশিরামপুর গ্রামের কানাই মৃধার ছেলে। তিনি আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নের বদরতলা যাদব চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের কম্পিউটার ল্যাব অপারেটর ছিলেন।
নিহতের প্রতিবেশী দেবদাস মন্ডল জানান, বাশিরামপুর গ্রামের বাড়ির সামনে নয়ন মৃধাদের একটি মাছের ঘের রয়েছে। সোমবার সকাল ১০ টার দিকে মাছের ঘেরে পানি উঠানোর জন্য তিনি ঘেরে গিয়ে শ্যালো মেশিনের মটরের সুইচ অন করে দেন। কিন্তু কিছুক্ষণ পরে বিদ্যুৎ চলে যায়। এ সময় তার বাবা কানাই মৃধা মটরের সুইচ অফ করে দিয়ে বৈদ্যুতিক তার গুটিয়ে আনার জন্য নয়ন মৃধা কে বলেন। বাবার কথামতো নয়ন মৃধা শ্যালো মেশিনের মটর থেকে তার খুলে গুটিয়ে আনার সময় হঠাৎ করে বিদ্যুৎ চলে আসে। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি ঘটনাস্থলেই নিহত হন।
আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শামীম আহমেদ খান বিষয়টি নিশ্চিত করে বলেন, পরিবারের কোন অভিযোগ না থাকায় মরদেহ সৎকার করার অনুমতি দেয়া হয়েছে।
এমআই