রবিবার, ২৬ এপ্রিল ২০২৬

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ‘ভিউ সেমিস্টার রেজাল্ট’ মডিউলের উদ্বোধন

রোববার, এপ্রিল ২৬, ২০২৬
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ‘ভিউ সেমিস্টার রেজাল্ট’ মডিউলের উদ্বোধন

জবি প্রতিনিধি:

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক কার্যালয়ের আয়োজনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সেমিস্টার ফাইনাল পরীক্ষার ফলাফল অনলাইনে স্টুডেন্ট পোর্টালে প্রদর্শনের লক্ষ্যে ‘ভিউ সেমিস্টার রেজাল্ট’ (View Semester Result) মডিউলের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। আজ রবিবার (২৬ এপ্রিল ২০২৬) দুপুর ২টা ৩০ মিনিটে উপাচার্য দপ্তরের কনফারেন্স রুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ মডিউলের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্‌দীন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্‌দীন বলেন, শিক্ষার্থীদের কল্যাণ ও তাদের প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বর্তমান প্রশাসন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ‘ভিউ সেমিস্টার রেজাল্ট’ মডিউল চালু করা শিক্ষার্থীবান্ধব প্রশাসনিক উদ্যোগের অন্যতম একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এর মাধ্যমে বিশ্বের যেকোনো স্থান থেকে শিক্ষার্থীরা সহজেই তাদের পরীক্ষার ফলাফল দেখতে পারবে। তিনি আরও বলেন, অটোমেশন প্রক্রিয়ার মাধ্যমে শিক্ষার্থীরা যাতে দ্রুত সময়ের মধ্যে সনদপত্র ও মার্কশিট উত্তোলন করতে পারে, সে ব্যবস্থা গ্রহণ করা হবে। বিশ্ববিদ্যালয়ের কোনো প্রশাসনিক কার্যক্রমে যেন শিক্ষার্থীদের অহেতুক সময় নষ্ট না হয়, সে বিষয়ে প্রশাসন আন্তরিকভাবে কাজ করছে।

উপাচার্য মহোদয় বলেন, শিক্ষার্থীদের শিক্ষা জীবনকে নির্বিঘ্ন করতে এবং তাদের জীবন থেকে ঝরে যাওয়া সময় পুনরুদ্ধারে একটি বাস্তবসম্মত কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে। ডিনবৃন্দের সহায়তায় এ বিষয়ে একটি রূপরেখা প্রস্তুত করা হয়েছে, যা দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে। বিশেষ করে নতুন ব্যাচের ক্লাস শুরুর প্রথম দিন থেকেই কীভাবে কার্যকরভাবে এ পরিকল্পনা বাস্তবায়ন করা যায়, সে বিষয়ে শিগগিরই সিদ্ধান্ত গ্রহণ করা হবে। এ কাজে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ সর্বাত্মক সহযোগিতা করবেন বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. মোস্তফা হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন এবং রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মোঃ শেখ গিয়াস উদ্দিন।

বিশেষ অতিথির বক্তব্যে ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন বলেন, শিক্ষার্থীদের ফলাফল অনলাইনে স্টুডেন্ট পোর্টালে প্রদর্শনের মাধ্যমে বিশ্ববিদ্যালয় নতুনভাবে প্রযুক্তিনির্ভর সেবার যাত্রা শুরু করলো। পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তর ও আইসিটি সেলের সমন্বয়ে গৃহীত এ উদ্যোগ শিক্ষার্থীদের জন্য সহজতর ও অধিক কার্যকর সেবা নিশ্চিত করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। পাশাপাশি কোনো সমস্যা দেখা দিলে সংশ্লিষ্ট দুই দপ্তরের মাধ্যমে দ্রুত সমাধান দেওয়া সম্ভব হবে বলেও তিনি উল্লেখ করেন।

এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. পরিমল বালা, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মোঃ শেখ গিয়াস উদ্দিন এবং আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ নাসির উদ্দিন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ নাসির উদ্দিন তালুকদার।
বক্তারা বলেন, এ মডিউল চালুর ফলে শিক্ষার্থীরা এখন থেকে ঘরে বসেই দ্রুত ও সহজ উপায়ে তাদের সেমিস্টার ফাইনাল পরীক্ষার ফলাফল দেখতে পারবে। এর মাধ্যমে ফলাফল প্রকাশ প্রক্রিয়ায় স্বচ্ছতা, গতিশীলতা এবং প্রযুক্তিনির্ভর সেবা নিশ্চিত হবে। এটি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম ডিজিটালাইজেশন ও আধুনিকায়নের ধারাবাহিক প্রচেষ্টার অংশ বলেও তারা উল্লেখ করেন। নতুন এ সেবা চালুর ফলে শিক্ষার্থীদের সময় সাশ্রয় হবে এবং ভোগান্তি কমবে বলে আশা প্রকাশ করা হয়।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরের সহকারী প্রোগ্রামার প্রজেক্টরের মাধ্যমে অনলাইনে স্টুডেন্ট পোর্টালে কীভাবে সেমিস্টার ফাইনাল পরীক্ষার ফলাফল প্রদর্শিত হবে, তার ব্যবহারিক উপস্থাপনা করেন। এ সময় উপস্থিত সংশ্লিষ্টদের বিভিন্ন প্রশ্নের উত্তরও প্রদান করা হয়।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের সকল অনুষদের ডিনবৃন্দ, জকসু নেতৃবৃন্দ, ক্রিয়াশীল ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ, বিশ্ববিদ্যালয়ের রিপোর্টারবৃন্দ উপস্থিত ছিলেন।

একে 


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৬ সময় জার্নাল