বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

সমঝোতার আভাস, যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের প্রস্তাব বিবেচনায় নিয়েছে ইরান

বৃহস্পতিবার, মে ৭, ২০২৬
সমঝোতার আভাস, যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের প্রস্তাব বিবেচনায় নিয়েছে ইরান

আন্তর্জাতিক ডেস্ক:

যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের দেওয়া নতুন প্রস্তাব এখনো বিবেচনায় রয়েছে বলে জানিয়েছে ইরান। এর মধ্যেই মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস জানিয়েছে, দুই পক্ষের মধ্যে ১৪ দফার একটি সমঝোতা স্মারক চূড়ান্ত হওয়ার খুব কাছাকাছি পৌঁছে গেছে।

ইরান জানিয়েছে, যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের দেওয়া প্রস্তাব এখনো তারা পর্যালোচনা করছে। অ্যাক্সিওস বুধবার (৬ মে) এক প্রতিবেদনে জানিয়েছে, হোয়াইট হাউজ মনে করছে- তারা ইরানের সঙ্গে ১৪ দফার একটি সমঝোতা স্মারকের খুব কাছাকাছি পৌঁছে গেছে।

তবে ইরানের পার্লামেন্টের এক জ্যেষ্ঠ সদস্য ওই প্রস্তাবকে ‘উইশ লিস্ট’ বা ইচ্ছার তালিকা বলে মন্তব্য করেছেন। অন্যদিকে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রস্তাব নিয়ে তেহরান তাদের মতামত পাকিস্তানি মধ্যস্থতাকারীদের জানাবে।

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, তার দেশ যুদ্ধবিরতিকে স্থায়ীভাবে যুদ্ধের সমাপ্তিতে রূপ দিতে চেষ্টা করছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, গত ২৪ ঘণ্টায় ইরানের সঙ্গে ‘খুব ভালো আলোচনা’ হয়েছে ও একটি চুক্তি সম্ভব।

১৪ দফার সমঝোতা স্মারক

অ্যাক্সিওসের প্রতিবেদনে বলা হয়েছে, এটি এক পৃষ্ঠার ১৪ দফার একটি স্মারক, যা ভবিষ্যতের আরও বিস্তারিত পারমাণবিক আলোচনার কাঠামো নির্ধারণ করতে পারে।

প্রস্তাবিত বিষয়গুলোর মধ্যে রয়েছে- ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম স্থগিত করা, নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল স্বাভাবিক করা।

প্রতিবেদনটি দুই মার্কিন কর্মকর্তা ও আরও দুইটি সূত্রের বরাতে প্রকাশ করা হয়েছে, যদিও তাদের নাম প্রকাশ করা হয়নি। সূত্রগুলো জানিয়েছে, স্মারকে থাকা অনেক শর্তই চূড়ান্ত চুক্তির ওপর নির্ভরশীল।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সও জানিয়েছে, যুক্তরাষ্ট্র-ইরান মধ্যস্থতা প্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্ট দুইটি সূত্র অ্যাক্সিওসের তথ্যের সত্যতা নিশ্চিত করেছে। তবে প্রস্তাবটি আনুষ্ঠানিকভাবে এখনো প্রকাশ করা হয়নি।

পাকিস্তানের মাধ্যমে বার্তা দেবে তেহরান

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই দেশটির সংবাদ সংস্থা আইএসএনএকে বলেন, যুক্তরাষ্ট্রের প্রস্তাব এখনো ইরান পর্যালোচনা করছে। পর্যালোচনা শেষ হলে পাকিস্তানকে আমাদের মতামত জানানো হবে।

অ্যাক্সিওসের প্রতিবেদন নিয়ে প্রতিক্রিয়া জানিয়ে ইরানি পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের মুখপাত্র ইব্রাহিম রেজাই এক্সে লিখেছেন, যে যুদ্ধ তারা হারছে, সেই যুদ্ধে যুক্তরাষ্ট্র মুখোমুখি আলোচনায় যা পায়নি, তার চেয়ে বেশি কিছু পাবে না।

তিনি আরও বলেন, ইরানের আঙুল ট্রিগারে রয়েছে ও দেশ প্রস্তুত। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্র যদি আত্মসমর্পণ না করে ও প্রয়োজনীয় ছাড় না দেয়, তাহলে ইরান ‘কঠোর ও অনুতাপ তৈরি করার মতো জবাব’ দেবে।

ট্রাম্পের হুমকি

এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও নতুন করে হামলার হুমকি দিয়েছেন। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি লিখেছেন, ইরান যদি চুক্তিতে রাজি না হয়, তাহলে আবার বোমাবর্ষণ শুরু হবে এবং আগের চেয়ে অনেক বেশি মাত্রায় ও তীব্রতায়।

ট্রাম্প আরও বলেন, ‘অপারেশন এপিক ফিউরি’ ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের প্রাথমিক সামরিক অভিযান। এটি শেষ হবে, যদি ইরান সম্মত হওয়া বিষয়গুলো মেনে নেয়।

ট্রাম্প আরও দাবি করেন, ইরান ‘আর কখনো পারমাণবিক অস্ত্র তৈরি করবে না’- এমন বিষয়ে রাজি হয়েছে। যদিও তেহরান এখনো এ দাবি নিশ্চিত করেনি।

ইরানের পারমাণবিক কর্মসূচিই মূলত দুই দেশের মধ্যে অন্যতম বড় বিরোধের বিষয়।

এমআই


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৬ সময় জার্নাল