শাহারিয়ার ইকবাল, তিতুমীর কলেজ:
আজ ৭ মে সরকারি তিতুমীর কলেজ-এর ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থীদের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচি বিভিন্ন সেশনের শিক্ষার্থীদের অংশগ্রহণে বাস্তবায়িত হয়।
কর্মসূচির অংশ হিসেবে কলেজ ক্যাম্পাসের বোটানিক্যাল গার্ডেনের পাশে বৃক্ষরোপণ করেন বিভাগের শিক্ষকবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক সৈয়দা হাফিজা খাতুন, সহযোগী অধ্যাপক মোঃ জসিম উদ্দিন এবং প্রভাষক মুহাম্মদ হাবিবুন্নবী বাবু। তারা পরিবেশ সংরক্ষণে বৃক্ষের গুরুত্ব, জলবায়ু ভারসাম্য রক্ষা এবং সবুজ ক্যাম্পাস গঠনে শিক্ষার্থীদের ভূমিকা নিয়ে বক্তব্য প্রদান করেন।
পাশাপাশি শিক্ষার্থীদের বৃক্ষরোপণ ও পরিবেশ সচেতনতামূলক কার্যক্রমে আরও সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানান শিক্ষকরা।
শিক্ষাকরা বলেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠান কেবল পাঠদানেই সীমাবদ্ধ নয়; বরং পরিবেশবান্ধব, সচেতন ও মানবিক মূল্যবোধসম্পন্ন প্রজন্ম গড়ে তোলাও গুরুত্বপূর্ণ। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এমন উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে দায়িত্ববোধ ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে সহায়ক হবে বলেও তারা উল্লেখ করেন। অনুষ্ঠানে বিভাগের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এমআই